সব প্রার্থীকে ভোটের শেষ পর্যন্ত থাকার অনুরোধ আতিকুলের

সিটি নির্বাচনে সব দলের প্রার্থীকে ভোটের শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল রবিবার বিকেলে মিরপুরের ষাট ফিট এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এ অনুরোধ জানান। উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ভোট নিয়ে সংশয়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি সব দলকে অনুরোধ করব, শেষ পর্যন্ত থেকে নির্বাচনের রেজাল্ট নিয়ে যেন আমরা বাসায় যাই। আমি মনে করি নির্বাচনের দিন সবাই নির্ভয়ে খুশির আমেজে ভোট দিতে আসবে। আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটি হোক এই নির্বাচনের বড় সেøাগান।’

এদিন ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের মনিপুর, ষাট ফিট, বড়বাগসহ বিভিন্ন এলাকায় প্রচার চালান আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী। শুরুতেই ষাট ফিটের মনিপুর স্কুলের সামনের পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় আতিকুল আরও বলেন, পথসভায় সর্বস্তরের মানুষের উপস্থিতিই প্রমাণ করে আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকার বিজয় হবেই হবে। কারণ নৌকা দিয়েছে আমাদের উন্নয়ন, নৌকা দিয়েছে স্বাধীনতা, নৌকা দিয়েছে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইবেন। ভোটের দিন ঘরে ঘরে গিয়ে ভোটারদের নিয়ে আসতে হবে। যত বেশি ভোটার আনতে পারবেন, নৌকায় ভোট তত বেশি পড়বে। আতিকুল বলেন, নৌকার যে ঢল নেমেছে, নৌকাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। নৌকার কোনো ব্যাকগিয়ার নাই। নৌকার গিয়ার একটি, সেটি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার গিয়ার। সেটি হচ্ছে উন্নয়নের গিয়ার।

এদিন সকালে নিজের ইশতেহার ঘোষণা করেন আতিকুল ইসলাম। সে প্রসঙ্গ টেনে উপস্থিত নেতাকর্মীদের তিনি বলেন, ‘আমি আপনাদের কথা দিতে চাই। আপনাদের ভোটে যদি নির্বাচিত হই, ইনশা আল্লাহ নির্বাচনের ইশতেহার আপনাদের নিয়েই বাস্তবায়ন করব। একটি সুস্থ, সচল ও আধুনিক শহর করব।’

এ সময় তিনি ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাদের ভোট দেওয়ার অনুরোধ করেন। পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ মিঠু, সংরক্ষিত নারী আসনের প্রার্থী সামসুন নাহারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।