শ্বশুরবাড়ির জঙ্গলে মিলল শিক্ষকের লাশ

নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় বাড়ির অদূরে জঙ্গল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে স্কুলশিক্ষক উজ্জ্বল চৌধুরীর (৪১) লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় স্ত্রী মনি, শাশুড়ি ললিতা, শ্বশুর আব্দুল হাই, ভাই আরিফ ও রাজিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

উজ্বল চৌধুরী জেলার মদন উপজেলার গোবিন্দ্রশ্রী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের শিক্ষক। তিনি ২ সন্তানের জনক।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নেত্রকোনা জেলা সদরের সিংহের বাংলা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে মনিকে প্রায় ৮ বছর পূর্বে বিয়ে দেন মদন উপজেলার গোবিন্দ্রশ্রী গ্রামের কেনু মিয়া চৌধুরীর ছেলের সঙ্গে।

এরপর থেকে মনি কোনাপাড়া তার বাবার বাড়িতেই বাস করতেন। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে।

সোমবার সকালে শ্বশুরবাড়ির অদূরে জঙ্গলের মাঝে সড়কের পাশে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমকে অবহিত করেন। পরে চেয়ারম্যান নেত্রকোনা মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠায়। পুলিশ এলাকা পরিদর্শন করে এ ঘটনায় শ্বশুরবাড়ির ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসি জানান, ধারণা করা হচ্ছে উজ্জ্বলকে শ্বাসরোধ করে হত্যা করে টেনে নিয়ে অন্যত্র ফেলার চেষ্টা করছিলো। গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।