সাংবাদিকদের সিইসি

বিএনপির প্রার্থীদের হয়রানির কোনো আলামত দেখিনি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীদের হয়রানির মতো কোনো আলামত দেখেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সিইসি বলেন, ‘গোপীবাগের ঘটনায় বিএনপি বলছে তাদের মামলা নেয়নি। পরে আমি ওসির সঙ্গে কথা বললাম সেখানে বসেই। ওসি বললেন তারা আমাদের কাছে আসেনি, মামলা দেয়নি। আওয়ামী লীগ মামলা করেছে সেটাও তারা বলেছে। ক্রিমিনাল অফেন্স থাকলে মামলা তো যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তিই করতে পারে। সেটা আইনগত বিষয়।’ ক্ষমতাসীন দলের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আওয়ামী লীগ গতকালের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছে। তাদের বক্তব্য এই সুযোগে বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী দল ঢাকায় ঢুকে পড়বে এবং নির্বাচনের সময় নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করবে, আমরা যেন ব্যবস্থা নেই। আমরা বলেছি নির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকে সেটা বলতে হবে। আর যদি কোনো ক্রিমিনাল অফেন্স থাকে সে অনুসারে সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনগত সহযোগিতা করার জন্য।’

হামলা-সংঘর্ষের ঘটনা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় কি না এমন প্রশ্নে সিইসি বলেন, ‘অবশ্যই এ ধরনের ঘটনা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলে, এগুলো না ঘটানোই উচিত। আমরা সবসময়ই বলি এ ধরনের ঘটনা ঘটবে না। আমরা সবসময়ই বলি যাতে তারা সহনশীলতার সঙ্গে কাজ করে, আমি বিশ্বাস করি তারা সহনশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেও। দুটো ঘটনা ঘটেছে, এত বড় শহর, এতে নির্বাচন বানচাল, ব্যাহত বা বিনষ্ট করার কোনো কারণ ঘটেনি।’

একই ঘটনায় দুই দলের অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে কী মনে হয়Ñ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্রিমিনাল অফেন্সের বিষয়ে তো আমরা কিছু বলতে পারি না। তবে স্থানীয়ভাবে তো আমরা তদন্ত করতে পারি, সেটি করতে একটু সময় লাগে। রিটার্নিং অফিসার, ওসি ও ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করেছি, প্রতিবেদন এখন পর্যন্ত আসেনি। এলে কোনো প্রার্থী জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, অন্য কেউ জড়িত থাকলে ক্রিমিনাল অফেন্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ ভোটের দিন আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই বলেও জানান তিনি।

বহিরাগতদের ঢাকায় অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাছে তারা অভিযোগ করেছে বহিরাগত এসেছে। আমাদের তো পুলিশের প্রতি নির্দেশনা আছে যে, বহিরাগত লোক সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে। সে বিষয়ে তো নিশ্চয়ই তারা সতর্ক থাকবে।’

বিএনপির অভিযোগ আওয়ামী লীগ ফুটপাতে শতাধিক অস্থায়ী ক্যাম্প করেছে। এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘ওটা আমরা উঠিয়ে দেব। আর ১০০টা ক্যাম্প যে আছে এমন তথ্য আমাদের কাছে নেই। কোথাও থাকতে পারে। সে বিষয়ে আমরা রিটার্নিং কর্মকর্তাদের বলেছি, রাস্তার ওপর কোনো ক্যাম্প থাকলে সেটা তুলে দিতে।’

পরিবেশ নিয়ন্ত্রণে সামান্য ঘটনা ধর্তব্য নয় : বিএনপির দুই মেয়রপ্রার্থীর প্রচারে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটলেও ভোটের পরিবেশ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন সিইসি কেএম নুরুল হুদা। গতকাল গোপীবাগে সেন্ট্রাল উইমেন্স কলেজে ইভিএমের ভোটগ্রহণ প্রশিক্ষণ পরিদর্শনে শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

সিইসি বলেন, ‘দুয়েকটি অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ কমিশনের নিয়ন্ত্রণে আছে। নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে যায়নি। কোথাও কোথাও সামান্য ঘটনা ঘটেছে সেটা ধর্তব্য নয়।’