ভোটকেন্দ্রে ভোটার টানার প্রচারে আ.লীগ

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবেÑ ভোটের মাঠে এ প্রচারই বেশি করছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নেতারা বলছেন, বিএনপির নেতারা ভোট চাওয়ার চেয়ে ভোটকে প্রশ্নবিদ্ধ করার মিশন নিয়ে মাঠে নেমেছেন। ফলে তাদেরও জোর দিতে হচ্ছে ভোট সুষ্ঠু হবে বলে ভোটারদের কেন্দ্র নেওয়ার প্রচারে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দেশ রূপান্তরকে আরও বলেন, মেয়র প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি সুষ্ঠু ভোটের প্রচারও তারা করছেন। তাদের একজন বলেন, ‘আমরা চাই বিএনপির নেতারা প্রচারে নেমে ভোট নিয়ে ভোটারদের ভেতরে যে অনাস্থা তৈরির চেষ্টা করছেন, সুষ্ঠু ভোটের প্রচারের মাধ্যমে আমরা তার আস্থা ফিরিয়ে আনতে চাই। আমরা চাই ভোটাররা ভোটকেন্দ্রে যাক। আর সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রেখে বিজয়ও নিশ্চিত করতে চাই আমরা।’

তবে আওয়ামী লীগের সম্পাদকম-লীর এক সদস্য বলেন, ভোটের মাঠ দখলে রাখতে দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী প্রচারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘ভোটের অন্য হিসাব-নিকাশ আমাদের কারোরই জানা নেই। দলীয় সভাপতি শেখ হাসিনা বিষয়টি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছেন। ভোটের মাঠের দলীয় আর কোনো সিদ্ধান্ত কারোরই জানা নেই।’ তিনি আরও বলেন, ‘সিটি ভোটের জয়-পরাজয় জাতীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে, আওয়ীমী লীগের লাভ-ক্ষতি কী হবেÑ সবই বিবেচনায় নেওয়া হচ্ছে।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আরও বলেন, নির্বাচনী সভা-সমাবেশ, সংবাদ সম্মেলনসহ যত অনুষ্ঠানই হচ্ছে দলের সর্বস্তরের নেতাদের সুষ্ঠু ভোটের নিশ্চয়তা প্রদান করে বক্তব্য দিতেই হচ্ছে। দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি ভোট নিয়ে যে নেতিবাচক ধারণা জন্ম নিয়েছে দেশের মানুষের কাছে তা ইতিবাচক করে তোলার চেষ্টা করছেন। ঢাকা সিটির ভোটে এটিকে ইতিবাচক করা ক্ষমতাসীন দলের নেতাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

আওয়ামী লীগের সম্পাদকম-লীর দুই সদস্য দেশ রূপান্তরকে বলেন, ঢাকা সিটিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে সরকারপ্রধান শেখ হাসিনা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এবার হবেও তাই। ভোট নিয়ে কোনো বিতর্ক সরকার কাঁধে নিতে চায় না। তারা বলেন, সুষ্ঠু ভোট নিয়ে সন্দেহ-সংশয় সৃষ্টি করে বিএনপি আওয়ামী লীগকে ঘায়েল করার কৌশল নিয়েছে। ফলে সুষ্ঠু ভোট করা এবং নৌকার প্রার্থীদের জয়ী করে আনা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, বিএনপি সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে ভোট চাওয়ার চেয়ে ভোট নিয়ে অপপ্রচার বেশি করছে। তিনি বলেন, ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার তো তাদের নেই। তাই ভোটকে প্রশ্নবিদ্ধ করতে চায়। সভাপতিম-লীর এ সদস্য বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবেÑ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিএনপির নেতাকর্মীদের বলব, ভোট নিয়ে অপপ্রচার না চালিয়ে জনগণের কাছে গিয়ে ভোট চান, তাতেই সুফল আসবে।

ক্ষমতাসীন দলের সভাপতিম-লীর আরেক সদস্য ফারুক খান দেশ রূপান্তরকে বলেন, দেশে ভোটকে সবসময়ই প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি। কখনো অংশ না নিয়ে, কখনো অংশ নিয়ে। ভোট প্রক্রিয়াটা তাদের ভালো লাগে না। তারা ক্ষমতা চায় যেনতেন করে। অতীতের মতো এবারও ঢাকা সিটির ভোটে তারা এসেছে কিন্তু ভোটকে প্রশ্নবিদ্ধ করতে। তিনি বলেন, আওয়ামী লীগ সুষ্ঠু ভোটের পক্ষে প্রচার করছে। সভাপতিম-লীর এ সদস্য আরও বলেন, আমরা চাই কেন্দ্রে ভোটার যাবে। তারা ভোটারদের ভেতর যে অনাস্থা সৃষ্টি করতে চায় আমরা তা কাটিয়ে তুলতে চাই।