সিইসির সঙ্গে বৈঠক

বিএনপি সব বিধি মানছে, আ.লীগ ভাঙছে : খসরু

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি সব আচরণবিধি মানছে আর আওয়ামী লীগ বিধি ভাঙছে বলে নির্বাচন কমিশনারের  (সিইসি) কাছে  অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বিধি অনুযায়ী ফুটপাতের ওপর অফিস করা যাবে না, কিন্তু ঢাকায় ১০০-এর বেশি জায়গায় ফুটপাতের ওপর আওয়ামী লীগের অফিস করা হয়েছে।’

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আজ (গতকাল) সিইসির সঙ্গে বৈঠকে প্রথম যে বিষয়টি উঠে এসেছে, সেটা হলো লেভেল প্লেয়িং ফিল্ড, সেটি হতে হলে সবার সমান সুযোগ থাকা দরকার। সেখানেই সমস্যা হচ্ছে। আমরা বলেছি সরকারি দল আচরণবিধি ভঙ্গ করছে। এমপি-মন্ত্রীরা প্রথম থেকেই প্রচারে যাচ্ছে, এটি পরিষ্কার।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের ওভার সাইজ পোস্টার টাঙানো হচ্ছে, এমন পোস্টার বিএনপির একটিও নেই। আমরা আচরণবিধি মেনে চলছি। এভাবে নির্বাচন পর্যন্ত চললে লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না। তারা মাইক ব্যবহারের বিধিও মানছে না। না মানার যে প্রবৃত্তি চলছে, তা থেকে তারা বেরিয়ে আসবে সেটি ভাবার কারণ নেই।’

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসি কী বলেছে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা আমাদের বলেছে, ২৪ ঘণ্টার মধ্য সব ফুটপাতের অফিস ভাঙা হবে। ওভার সাইজ পোস্টার যেগুলো টাঙানো হয়েছে, সবগুলো তারা নামাবে এবং নিয়ম না মানলে সেসব মাইক অপসারণ করা হবে।’

ইশরাকের প্রচারণায় আওয়ামী লীগের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, ‘দেশে যে রাজনীতি চলছে, সেখানে বিএনপি আ.লীগকে আক্রমণ করেছেÑএটা বিশ্বাস করার কোনো কারণ আছে? গতকাল বিএনপি কর্মীদের পেটানোর পর আওয়ামী লীগ আবার উল্টো মামলা করেছে। এখন নতুন নিয়ম হয়েছে যে আগে পেটাবে পরে মামলা দেবে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

ইসির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম।