পুলিশের ধাওয়ায় মাহেন্দ্র খাদে পড়ে চালক নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে হাইওয়ে পুলিশের ধাওয়ায় মাহেন্দ্র খাদে পড়ে এর চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে তালা উপজেলার হারুন-অর-রশিদ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহেন্দ্রচালক আবদুস সামাদ মোড়ল (৫২) উপজেলার নগরঘাটা এলাকার প্রয়াত আছিরউদ্দিন মোড়লের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে যাত্রীবিহীন মাহেন্দ্রটি নিয়ে পাটকেলঘাটা ফিরছিলেন আবদুস সামাদ। পথে হাইওয়ে পুলিশ তাকে দাঁড়ানোর সিগন্যাল দেয়। এ

 

 

সময় সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পাটকেলঘাটার দিকে চলে আসেন তিনি। এ ঘটনায় পেছন থেকে পুলিশ ধাওয়া করে। একপর্যায়ে দ্রুতগতির জন্য মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে হারুন-অর-রশিদ কলেজের পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় মাহেন্দ্রর নিচে চাপা পড়ে সামাদ ঘটনাস্থলেই মারা যান।

পাটকেলঘাটা থানার ওসি ওয়াহিদ মুরশেদ দেশ রূপান্তরকে বলেন, ‘পুলিশের ধাওয়া খেয়ে মাহেন্দ্র খাদে পড়ে চালক নিহত হয়েছেন শুনেছি। তদন্ত করে দুর্ঘটনার বিস্তারিত বলা যাবে।’

চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মাহমুদ হাসান জানান, স্থানীয় বিনেরপোতা বাইপাস সড়কের সামনে ৪টি মাহেন্দ্র আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় চালক সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মাহেন্দ্র উল্টে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। পরে তার লাশ উদ্ধার করে পাটকেলঘাটা থানা পুলিশ।