বিএনপিই নিজেদের ওপর হামলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। গতকাল সোমবার ডেমরা সারুলিয়া এলাকায় গণসংযোগকালে রবিবার প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর প্রচারে যে সংঘর্ষ হয় সে প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির প্রার্থী
ইশরাক হোসেনের প্রচারে হামলা নিজের সাজানো ঘটনা।
শেখ ফজলে নূর তাপস বলেন, বিএনপি নিজেরাই নিজেদের ওপর হামলা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা করেছে। এখন দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের ওপর। তারা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সাধারণ মানুষের কাছে নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করতে তারা পাঁয়তারা করছে। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভোট চাইতে যেখানেই যাচ্ছি সেখানে আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমাদের উন্নয়নের রূপরেখা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। আমরা নির্বাচিত হলে ৯০ দিনের মধ্যে সব নাগরিক সুবিধা দোরগোড়ায় পৌঁছে দেব। আরেক প্রশ্নে তাপস সাংবাদিকদের বলেন, আধুনিক ও সচল ঢাকা গড়তে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সেই সঙ্গে ঐতিহ্যের ঢাকা, আধুনিক ঢাকা, উন্নত ঢাকা ও সচল ঢাকা গড়তে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যেসব নতুন ওয়ার্ড ঢাকার সঙ্গে যুক্ত হয়েছে সেসব ওয়ার্ডগুলোতে নগরের সব আধুনিক সুবিধা দেওয়া হবে।
তাপসের এ গণসংযোগ সামনে রেখে সকাল থেকে ডেমরা সারুলিয়া এলাকায় জড়ো হতে থাকে আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল ও নানা ধরনের সেøাগানে তারা মুখর করে তোলেন আশপাশের এলাকা।