চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় তৌহিদুল ইসলাম নামের এক জেএমবি সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইবুনাল আদালত-৩ এর বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত তৌহিদুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোধোবরা-সন্ন্যাসী গ্রামের বাসিন্দা।
আদালতের এপিপি শফিকুল ইসলাম সেলিম জানান, ২০১৭ সালের ৬ সেপ্টেম্বরে গোয়েন্দা পুলিশের একটি দল ধোবড়া বাজারে অভিযান চালিয়ে তৌহিদুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়।
ওই ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবু আবদুল্লাহ জাহিদ শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেন। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক শিশির কুমার চক্রবর্তী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।