‘করোনা’ নামের নতুন একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বহু রোগীর মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে আক্রান্তদের সংখ্যায় চীন এগিয়ে থাকলেও বিশ্বের অনেক দেশেই ধীরে ধীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। বিবিসির তথ্য অনুযায়ী, এই রোগের কোনো প্রতিষেধক এখনো তৈরি করা সম্ভব হয়নি।
বিভিন্ন রোগব্যাধি ও ভাইরাস কিছুদিন পরপর জানান দেয়, আমরা যত উন্নতিই করি, মহান আল্লাহর করুণা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তাই ছোট-বড় সব ধরনের পাপ থেকে আল্লাহর কাছে তওবা করা। কারণ পাপের কারণেই বিভিন্ন আজাব ও মহামারী নেমে আসে বলে হাদিসে রয়েছে।
মহামারী ছড়িয়ে পড়া কিয়ামতের নিদর্শন : সবার উচিত মহান আল্লার কাছে ক্ষমা চাওয়া। অশ্লীলতা থেকে বিরত ও সর্বদা পবিত্র-পরিচ্ছন্ন থাকা। কারণ কিয়ামতের নিদর্শনগুলোর একটি হলো মহামারী। রাসুল (সা.) বলেন, ‘কিয়ামতের আগের ছয়টি নিদর্শন গণনা করে রাখো। আমার মৃত্যু, অতঃপর বায়তুল মুকাদ্দাস বিজয়, অতঃপর তোমাদের মধ্যে বকরির পালের মহমারীর মতো মহামারী ছড়িয়ে পড়বে, সম্পদের প্রাচুর্য, এমনকি এক ব্যক্তিকে একশ দিনার দেওয়ার পরও সে অসন্তুষ্ট থাকবে। অতঃপর এমন এক ফিতনা আসবে, যা আরবের প্রতিটি ঘরে প্রবেশ করবে। অতঃপর যা তোমাদের ও বনি আসফার বা রোমকদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সম্পাদিত হবে। অতঃপর তারা বিশ্বাসঘাতকতা করবে এবং ৮০টি পতাকা উড়িয়ে তোমাদের বিপক্ষে আসবে; প্রতিটি পতাকার নিচে থাকবে ১২ হাজার সৈন্য।’ (বুখারি, হাদিস : ৩১৭৬)
হাদিসের ভাষ্যের সঙ্গে বর্তমান পরিস্থিতি অনেক ক্ষেত্রে মিলে যায়। বিশ্বব্যাপী মানুষের মধ্যে প্রাচুর্য ও ধনাঢ্যতা বেড়েই চলছে। নতুন নতুন রোগের প্রকাশ হচ্ছে, যেগুলো বন্ধ করার সাধ্য কারও নেই। তাই এই পরিস্থিতিতে আমরা রাসুল (সা.)-এর দেখানো পথ অনুসরণ করতে পারি।
মহামারী আল্লাহর গজব : মহামারীর ব্যাপারে মহানবী (সা.) বলেন, ‘এটি আল্লাহর গজব বা শাস্তি বনি ইসরায়েলের এক গোষ্ঠীর ওপর এসেছিল, তার বাকি অংশই হচ্ছে মহামারী। অতএব, কোথাও মহামারী দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থানরত থাকলে সে জায়গা ছেড়ে চলে এসো না। আবার কোনো এলাকায় এটা দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থান না করে থাকলে, সে জায়গায় গমন করো না।’ (তিরমিজি, হাদিস : ১০৬৫) তাই এ ধরনের রোগের প্রকোপ যেখানে দেখা দেবে, সেখানে যাতায়াত না করা উচিত।
মহামারীতে মৃত ব্যক্তি শহীদ : মহামারীতে আক্রান্ত মৃত ব্যক্তিকে পাপী-জাহান্নামি মনে করা যাবে না। মহানবী (সা.) মহামারীতে মারা যাওয়া ব্যক্তিও শহীদ গণ্য করেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘পাঁচ প্রকার মৃত শহীদÑ মহামারীতে মৃত, পেটের পীড়ায় মৃত, পানিতে ডুবে মৃত, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত এবং যে আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে।’ (বুখারি, হাদিস : ২৮২৯)
আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত অন্য হাদিসে রাসুল (সা.) বলেন, ‘মহামারীর কারণে মারা যাওয়া প্রতিটি মুসলিমের জন্য শাহাদাত।’ (বুখারি, হাদিস : ২৮৩০)
মহামারী থেকে বাঁচার দোয়া : হাদিসে রাসুল (সা.) আরও বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার বলবে ‘বিসমিল্লা-হিল্লাজি লা ইয়াদ্বুররু মাআসমিহি শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুয়াস সামি উল আলিম’। সকাল হওয়া পর্যন্ত তার প্রতি আকস্মিক কোনো বিপদ আসবে না। আর যে তা সকালে তিনবার বলবে সন্ধ্যা পর্যন্ত তার ওপর আচমকা কোনো বিপদ আসবে না। (আবু দাউদ, হাদিস : ৫০৮৮) দোয়ার অর্থ : ‘আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী।’