ট্রেনের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও এক শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার দুপুরে ভাটিয়াপাড়া-কালুখালী রেলপথের বিশ্বনাথপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই কাশিয়ানীর জয়নগর উচ্চবিদ্যালয়ের ছাত্র। তারা নিজ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে পথে দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছে  পুলিশ।

নিহত তিনজন হলো কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের নাওরাদুলা গ্রামের ফরিদ শরীফের ছেলে এসএসসি পরীক্ষার্থী ইয়াসিন শরীফ (১৭), হিরণ্যকান্দি গ্রামের আশরাফ আলীর ছেলে দশম শ্রেণির ছাত্র আবু রায়হান (১৬) এবং একই গ্রামের লাবু খোন্দকারের ছেলে আল আমিন খোন্দকার (১৫)।

একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে হিরণ্যকান্দি গ্রামের মো. আহাদ তালুকদারের ছেলে দশম শ্রেণির ছাত্র মো. সোহান তালুকদার (১৫)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, হতাহত চার শিক্ষার্থী তাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে বিদ্যালয়ে আসে। অনুষ্ঠান শেষে তারা চারজন একটি মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয়। পথে বিশ্বনাথপুর রেলক্রসিং অতিক্রমের সময় চলন্ত ট্রেন তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আরোহী ইয়াসিন শরীফ নিহত হয়। মোটরসাইকেলটির আরোহী বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় পুলিশ ও আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহান তালুকদার ও আবু রায়হানকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত মো. সোহানকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘দুপুর ১টা ৪০ মিনিটে কাশিয়ানীর ভাটিয়াপাড়া রেলস্টেশন থেকে একটি লোকাল ট্রেন রাজবাড়ীর কালুখালীর উদ্দেশে ছেড়ে যায়। দুপুর আড়াইটার দিকে বিশ্বনাথপুর রেলক্রসিং পার হওয়ার সময় ওই ট্রেনটির সঙ্গে স্কুলছাত্রদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে।’

নিহত তিন স্কুলছাত্রের লাশ রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।