সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে এক নারী পোশাকশ্রমিক। এ ঘটনায় মামলা দায়েরের পর গত সোমবার রাতে অভিযান চালিয়ে আসাদুল শেখ (৩২) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত আশুলিয়ার বসুন্ধরাটেক এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই নারী শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
অভিযুক্ত আসাদুল নাটোর সদর থানার তেবাড়িয়া গ্রামের সাদেক আলী শেখের ছেলে। বসুন্ধরাটেক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তিনি। আর ভুক্তভোগী ওই নারী স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। তিনিও একই এলাকার ভাড়া থাকেন।
মামলার এজাহারে বলা হয়েছে, কিছু দিন আগে ওই নারীর কাছ থেকে দুই হাজার টাকা ধার নেয় পাশের বাড়ির ম্যানেজার মুসলিম উদ্দিন। গত রবিবার দুপুরে মুসলিমের কাছ থেকে সেই পাওনা টাকা চাইতে যায় ওই নারী। এ সময় স্থানীয় বখাটে আসাদুল ও অজ্ঞাত পরিচয় তার আরও পাঁচ বন্ধু মিলে ওই নারীকে মিথ্যা অপবাদ দিয়ে একটি কক্ষে নিয়ে আটকে রাখে। এরপর তারা তাকে দল বেঁধে ধর্ষণ করে গভীর রাতে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় মামলা করেন। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে আসাদুলকে গ্রেপ্তার করে পুলিশ।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামিরা রিমান্ডে : গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরে জন্মদিনের অনুষ্ঠানে যোগদানের কথা বলে বাড়ি থেকে কিশোরীকে ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চারজনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএলবি মেজবাহ উদ্দিন আহমেদ এ আদেশ দেন।
এর আগে শুক্রবার তাদের গ্রেপ্তার করে রবিবার দুপুরে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়। আসামিরা হলো কিশোরগঞ্জের শরীফ হোসেন (১৮), ময়মনসিংহের ইমরান হাসান সুজন (১৯), গাজীপুরের শরীফ উদ্দিন মোল্লা (২০) ও ময়মনসিংহের ১৬ বছরের এক কিশোর।
মঙ্গলবার দুপুরে রিমান্ড শুনানি শেষে বিচারক প্রথম তিনজনের প্রত্যেককে তিন দিনের এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএলবি মেজবাহ উদ্দিন আহমেদ আসামি আহসান ওরফে হাসানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৫ জানুয়ারি বিকেলে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ওই কিশোরীকে নয়নপুর এলাকার একটি বাসায় ডেকে আনে অভিযুক্তরা। একপর্যায়ে এনার্জি ড্রিংকসের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে তাকে খাইয়ে অচেতন করে ফেলে। পরে বাসার পাশের একটি ঝোপে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে। ঘটনার পরদিন ১৬ জানুয়ারি ওই কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। এর প্রেক্ষিতে গত শুক্রবার ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১ এর সদস্যরা।