পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি শেয়ারহোল্ডারদের অনুমোদন ছাড়া উক্ত কোম্পানির অর্ধেকের বেশি সম্পদ বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন সভা শেষে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসইসি জানায়, কোনো তালিকাভুক্ত ইস্যুয়ার কোম্পানির শেয়ারহোল্ডারদের সাধারণ সভায় (এজিএম) অনুমোদন ব্যতিরেকে উক্ত কোম্পানির পূর্ববর্তী নিরীক্ষিত হিসেবে মোট স্থাবর সম্পত্তির অর্ধেকের বেশি সম্পদ বিক্রির চুক্তিতে আবদ্ধ হতে পারবে না। এছাড়া স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ারের প্রথম লেনদেনের তারিখ থেকে পরবর্তী এক বছরের মধ্যে একক বা যৌথভাবে লেনদেনের মাধ্যমে উক্ত বিক্রয়সীমা অতিক্রম করা যাবে না। এজন্য এসইসি ২০০৯ সালের ১ জুন এ সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।