‘জাওয়ানি জানেমান’-এ সেই সাইফ!

আগামীকাল মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার সাইফ আলি খানের নতুন সিনেমা ‘জাওয়ানি জানেমান’। এ সিনেমার মাধ্যমে সাইফ নিজে স্বরূপে ফিরতে পারেন বলে জোর আলোচনা চলছে। তাকে নিয়ে লিখেছেন ইফতেখার শুভ

‘জাওয়ানি জানেমান’ সিনেমায় শুধু প্রধান চরিত্রে অভিনয়ই করছেন না, এর প্রযোজকও সাইফ আলি খান। বাবা-মেয়ের আধুনিক সম্পর্কের গল্প এটি। প্রথমে সিনেমাটিতে সাইফের সঙ্গে তার মেয়ে সারা আলি খানের অভিনয় করার কথা ছিল। কিন্তু আপন বাবার সঙ্গে কিছু আপত্তিকর দৃশ্যে অভিনয় করতে হবে বলে সিনেমাটি ছেড়ে দেন সারা। পরে তার বদলে নেওয়া হয় আলিয়া ফার্নিচারওয়ালাকে। এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখতে চলেছেন আলিয়া। মুভিতে সাইফ আলি খানের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে আরও রয়েছেন টাবুু। সিনেমায় দেখা যাবে, নারীসঙ্গ খুব বেশি পছন্দ সাইফ আলি খানের। তাই হরহামেশাই বান্ধবীদের নিয়ে আসেন বাড়িতে, বিলাসবহুল রিসোর্ট কিংবা বাগানবাড়িতে। তবে এমন বিলাসবহুল জীবনে ছেদ পড়ে যায় তার মেয়ের আগমনে। একদিন সারা শরীরে লিপস্টিকের চিহ্ন নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন সাইফ। আর বাবার শরীরে এমন দাগ দেখে গালে হাত দিয়ে মাটিতে বসে পড়েন সাইফকন্যা। ট্রেলার প্রকাশের পরই প্রশংসা পাচ্ছে পুরো টিম।

এই সিনেমাটি হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, গল্পটি একেবারেই এই সময়ের। দর্শক সিনেমাটি নিয়ে যেমন আগ্রহ দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাতে মনে হচ্ছে সিনেমাটির গল্প তারা পছন্দ করেছে। দ্বিতীয়ত, এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর নিজের স্বরূপে ফিরবেন সাইফ আলি খান। ক্যারিয়ারের শুরুতে আবেদনময় চেহারা, ফিট বডি আর আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়েই শীর্ষে পৌঁছেছিলেন সাইফ। কিন্তু তার সাম্প্রতিক সিনেমাগুলোর দিকে তাকালে দেখা যায়Ñ নিজেকে ব্যতিক্রমধর্মী চরিত্রে নানাভাবে তুলে ধরতে চেয়েছেন। সেগুলোর মধ্যে শুধু ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’ ছাড়া ‘রেঙ্গুন’, ‘সেফ’, ‘বাজার’, ‘লাল কাপ্তান’ সিনেমাগুলোর সবই ফ্লপ হয়েছে। ‘জাওয়ানি জানেমান’-এ দীর্ঘদিন পর সুপারহিট অবতারে দেখা যাবে সাইফকে। তার আবেদনের আলাদা কদর রয়েছে সব সময়। বলিউডের আবেদনময় পুরুষের তালিকায় সব সময় তার নাম প্রথম দিকেই আসে। সাধারণ দর্শক তো আছেনই, বলিউডের অনেক নায়িকা পর্যন্ত তাকে সেরা আবেদনময় পুরুষ বলে মানেন। নায়িকা পরিনীতি চোপড়া তো কয়েকবার ক্যামেরার সামনে বলেছেন সাইফই সবচেয়ে ‘হট’।

২০২০ সাল তার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। এরই মধ্যে এ বছর মুক্তি পাওয়া ‘তানহাজি’ সুপারহিট হয়েছে। সাইফের অভিনয়ও প্রশংসিত হয়েছে। যদিও এই সিনেমায় নায়ক অজয় দেবগন। কাজলের মতো সুপারস্টারও রয়েছেন তাতে। তাই ‘তানহাজি’র পুরো কৃতিত্ব সাইফ নিতে পারছেন না। এজন্য ‘জাওয়ানি জানেমান’ হিট করা সাইফের ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এতে তিনি রয়েছেন প্রধান চরিত্রে।

বলিউডে বেশ কয়েকজন ভালো বন্ধু রয়েছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান চার্লস লারার। তাদের মধ্যে সাইফ আলি খান অন্যতম। সেই বন্ধুর সিনেমার প্রচারণায় দেখা গেছে ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান ও ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ব্রায়ান লারাকে। সাইফ আলি খান অভিনীত ‘জাওয়ানি জানেমান’ সিনেমাকে উপলক্ষ করেই বন্ধু সাইফের স্টুডিও দেখতে আসেন ব্রায়ান লারা। ইনস্টাগ্রামে সাইফের সঙ্গে সাক্ষাতের একটি ছবি শেয়ার করেছেন লারা। সেখানে তিনি লেখেন, দ্য গ্রেট সাইফ আলি খানের স্টুডিওতে এলাম। তার নতুন সিনেমা ‘জাওয়ানি জানেমান’ দেখার অপেক্ষায় আছি। অবশ্য সেখানে সাইফের সিনেমার মুক্তির তারিখ ৩১ জানুয়ারি ২০২০ লিখে দিয়েছেন নন্দিত ক্রিকেটার লারা। লারার এমন প্রচারণায় নিশ্চয়ই খুশি হয়েছেন বন্ধু সাইফ! ক্রিকেটার না হলেও সাইফের শরীরে রয়েছে ক্রিকেটারের রক্ত। তার বাবা মনসুর আলি খান পতৌদি ছিলেন ভারতের নন্দিত ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক। টাইগার পতৌদি নামে পরিচিত ছিলেন তিনি।