আতিকের পথসভায় দুই কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী পথসভায় স্থানীয় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। গতকাল বুধবার নিকেতন এলাকার

শহীদ ফজলে রাব্বি পার্কে এ ঘটনা ঘটে।

২০ নম্বর ওয়ার্ডে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমানকে সমর্থন দেওয়া হয়েছিল। পরে তার পরিবর্তে বর্তমান কাউন্সিলর মো. নাসিরকে সমর্থন দেওয়া হয়। জাহিদ তার মনোনয়নপত্র প্রত্যাহার না করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে থেকে যান।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নাসির তার কর্মী সমর্থকদের নিয়ে ফজলে রাব্বি পার্কের ভেতরে আতিকের পথসভায় ছিলেন। এ সময় জাহিদ তার কর্মী-সমর্থকদের নিয়ে সেখানে উপস্থিত হন। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাহিদ মঞ্চে উঠতে চাইলে নাসিরের কর্মী-সমর্থকরা তাকে বাধা দেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় বক্তব্য দিচ্ছিলেন মেয়রপ্রার্থী আতিক। মঞ্চে তার ভাই, বোন, স্ত্রী, মেয়েসহ পরিবারের সদস্যরাও ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে আতিকুল ইসলাম বলেন, আগামী ১ ফেব্রুয়ারি সবাই যেন ভোটকেন্দ্রে যান এবং ভোট দেন। নির্বাচনে হার-জিত থাকবে। যে-ই জিতুক বা হারুক, সবাই মিলে সমন্বিতভাবে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। সভায় উত্তেজনার একপর্যায়ে তার পরিবারের সদস্যরা চলে যান। এরপর বেশ কিছুক্ষণ দুপক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া এবং চেয়ার ছোড়াছুড়ি চলে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করতেও দেখা যায়। সংঘর্ষে পণ্ড হয়ে যায় মেয়রপ্রার্থী আতিকের পথসভা। কর্মীরা তাকে ঘিরে ধরে পার্ক থেকে বের করে নিয়ে যান।

পরিস্থিতি শান্ত হওয়ার পর আতিক সাংবাদিকদের বলেন, এগুলো জনগণ ভালোভাবে নেবে না, আমিও এটাকে ভালোভাবে নেব না। আমি আশা করি, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। আমি নেতৃবৃন্দকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করেছি, বিষয়টা তদন্ত করে দেখার জন্য।