কিশোরগঞ্জের ভৈরবে কাসেম (৫৪) নামে পুলিশের কথিত এক সোর্সের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে রেলস্টেশন সংলগ্ন কলোনি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়। কাসেম শহরের আমলাপাড়া এলাকার মৃত নজব আলীর ছেলে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন জানান, নিহতের শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়ার আগে তাই কিভাবে মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না।
কাসেমের স্ত্রী শাহানা বেগম অভিযোগ করেন, বুধবার রাতে রহিমা ওরফে রহি তার স্বামীকে ফোনে তার বাড়িতে ডেকে নেন।
তিনি আরও জানান, মাদক বিক্রেতারা তার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করেছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার স্বামী হত্যার বিচার দাবি করেন।
কাসেম পুলিশের সোর্স হিসেবে কাজ করে উল্লেখ করে তার বন্ধু ও সহযোগী সানু মিয়া জানান, কাসেম বিবাহিত হলেও এই এলাকার রহিমা ওরফে রহি নামের এক নারীর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ওই নারীর ঘরের কাছেই লাশ পাওয়া যাওয়া গেছে।
এ বিষয়ে জানতে রহিমার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মা উম্মে কুলসুম বেগম জানান, বুধবার দুপুরে সর্বশেষ তিনি পুকুরপাড় এলাকায় কাসেমকে দেখেন। এরপর আর কাসেমকে তিনি দেখেননি। আর কাসেম গতরাতে তার বাড়িতেও আসেননি।
স্থানীয় পৌর কাউন্সিলর রাজু আহমেদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে এলাকার এক লোকের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে কাসেমের লাশ পড়ে থাকতে দেখেন। মাটিতে লাশ টেনে নেওয়ার দাগ দেখিয়ে তিনি ধারণা করেন, মৃত্যুর পরে কেউ লাশটি এখানে ফেলে দিয়ে যেতে পারেন।