তড়িঘড়ি বিসিএলের শুরু আজ

ঘরোয়া ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির লড়াই বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ৮ম আসর শুরু হচ্ছে আজ। টেস্ট ক্রিকেটের জন্য খুবই প্রয়োজনীয় চার দিনের ম্যাচের এ লড়াই এবার শুরু হচ্ছে জরুরি ভিত্তিতে। পাকিস্তানের সঙ্গে আগামী শুক্রবারই পিন্ডিতে প্রথম টেস্টের প্রস্তুতির কথা মাথায় রেখে আয়োজন করা হচ্ছে এবারের বিসিএল। আর তাই মাত্র তিন দিন আগে ‘প্লেয়ার্স ড্রাফট’ করিয়ে, দুদিনের প্রস্তুতির সুযোগ দিয়ে ক্রিকেটারদের মাঠে নামাচ্ছে বিসিবি। তবে তড়িঘড়ি সিদ্ধান্ত হলেও এর সুফল দেখছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। পাকিস্তান সিরিজের জন্য এই ম্যাচ প্রস্তুতি কাজে দেবে বলে জানালেন তিনি।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ধরে রাখা ক্রিকেটার মুমিনুল। খুব সম্ভবত তার কাঁধেই উঠবে দলটির নেতৃত্ব। আজ থেকে শুরু প্রথম রাউন্ডে তার দল খেলবে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে, মিরপুরে। অপর ম্যাচটিতে চট্টগ্রামে লড়বে বিসিবির তত্ত্বাবধানে থাকা দুই দল উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। এবারের বিসিএল হচ্ছে মাত্র তিন রাউন্ডে। ২০১২-১৩ আসরে প্রথম শুরু হয় বিসিএল। সেবার থেকে নিয়ে পরের দুবার, অর্থাৎ তিন মৌসুম এক রাউন্ড করে হয়েছিল টুর্নামেন্টটি। রাউন্ড রবিন পদ্ধতিতে লড়ে সেরা দুই দল খেলে ফাইনালে। কিন্তু চতুর্থ মৌসুম থেকে শুরু হয় দুই রাউন্ডের লড়াই। মানে গত চারবার টুর্নামেন্টটি হয়েছিল দুই রাউন্ড করে। এবার পুরনো ফরম্যাটে ফিরল বিসিএল। টেস্টে বরাবরই বাংলাদেশ ক্রিকেটারদের বাজে অবস্থা। সেখানে পাকিস্তানে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজের আগে বিসিএলের মতো প্রথম শ্রেণির ম্যাচের সংখ্যা কমিয়ে আনা কতটা ঠিক হলো। বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে চার দলেরই চাপা আক্ষেপ আছে। সঙ্গে আরও বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্নও আছে তাদের।

গতকাল মিরপুরে ট্রফি উন্মোচন করতে এসে বিসিএল নিয়েই সংবাদ সম্মেলন করলেন মুমিনুল। কিন্তু তা ঘুরে-ফিরে সেই জাতীয় দলের আলোচনার বিষয় হয়ে গেল। শোনা যাচ্ছে এই বিসিএলের জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম রাউন্ডই খেলতে পারবেন পিন্ডি টেস্টের আগে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন মুমিনুল, ‘সবার টেস্টের আগে একটা ভালো প্রস্তুতি দরকার ছিল। আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে যেকোনো একটা টুর্নামেন্ট খেললে এটা অনেক কাজে দেয়। ম্যাচ অনুশীলন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনিতে অনুশীলনের চেয়ে যে ম্যাচটি হয় সেটা হান্ড্রেডের বেশি। আপনি সারা বছর অনুশীলন করলেন, কিন্তু ম্যাচ না খেললে কোনো লাভ নেই।’

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর অনেক দিন লম্বা দৈর্ঘ্যরে ক্রিকেটের বাইরে বাংলাদেশ ক্রিকেটাররা। এমন অবস্থায় সামনে অপরিচিত পরিবেশের পাকিস্তান সিরিজ। ওই সিরিজের দল এখনো চূড়ান্ত হয়নি। বিসিএলে ভালো করারাই এগিয়ে থাকবেন বলা যায়। বিসিএলের সুবাদে অধিনায়ক হিসেবে ক্রিকেটারদের দেখে নিতে পারবেন মুমিনুল। জানালেন এই সুবিধা তো আছেই সঙ্গে নেতৃত্বের অনুশীলনও হয়ে যাবে তার, ‘আমি অধিনায়ক হিসেবে জিনিসটা ভালোভাবে দেখতে পারব। কে কীভাবে খেলে, কে কীভাবে থাকে, এটিটিউড। এটা ভালো একটা সুযোগ আমার মনে হয়। এটা একটা অনুশীলনের ব্যাপার। বিসিএলে আমি যে বোলারদের সঙ্গে খেলব ওদের হয়তো টেস্টে আমি পাব না। হয়তো কাউকে পাব, কাউকে পাব না। তো ওভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। বিসিএলে যে চার দিনের ম্যাচ হয়, সেখানে আমার অধিনায়কত্বের অনুশীলন হয়। সেটা আমার টেস্টে অধিনায়কত্বের জন্য ভালো।’

জাতীয় লিগের মতো এই টুর্নামেন্টেও ম্যাচ ফি বাড়ছে ক্রিকেটারদের। বিসিএলে এক ম্যাচে ৬৫ হাজার টাকা করে পেতে পারেন তারা। যা ক্রিকেটারদের জন্য ভালো। পাশাপাশি দিবা-রাত্রির টেস্টে অভ্যস্ত হতে টুর্নামেন্টের ফাইনাল হবে গোলাপি বলে দিবা-রাত্রিতে। ওই ম্যাচটি সরাসরি সম্প্রচারের আলোচনাও চলছে। তবে এই আয়োজনে এবার থাকছে না গত সাত আসরের নিয়মিত ফ্র্যাঞ্চাইজি প্রাইম ব্যাংক। যে কারণে দক্ষিণাঞ্চলকে এবার দেখতে হবে বিসিবির। উত্তরাঞ্চলের পর আরও একটি দল এখন থেকে বিসিবির তত্ত্বাবধানে। তবে আট বছরেও নতুন একটি ফ্র্যাঞ্চাইজি আনতে না পারা দেশের সবচেয়ে ধনী বোর্ড বিসিবির জন্য ব্যর্থতা।