১৭০ ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র দেখছেন তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১৭০টি ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন এ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। নির্বাচনী প্রচারের শেষ দিন গতকাল বৃহস্পতিবার গোপীবাগের ব্রাদার্স ক্লাব মাঠে প্রচারকালে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের কাছে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। তাপস বলেন, আমরা খবর পেয়েছি ১৭০টি ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র ও পাঁয়তারা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ নির্বাচন কমিশনকে অনুরোধ করব, তারা যেন আশু পদক্ষেপ নেয়, যাতে করে সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় থাকে। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে নৌকার বিপুল ভোটে জয় হবে। তিনি বলেন, নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আমরা আশাবাদী। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থা এবং নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, তারা যেন কঠোরভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করে। আমরা কিছুটা শঙ্কিত। যদিও আমি আশা করব সব ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হবেন এবং তাদের ভোট প্রয়োগ করবেন। শঙ্কিত হওয়ার কারণ ব্যাখ্যায় ক্ষমতাসীন দলের এ মেয়র প্রার্থী বলেন, ‘আমরা কিছুটা শঙ্কিত কারণ কয়েক দিন পূর্বে আমরা দেখেছি, এই এলাকায় আমাদের কাউন্সিলর প্রার্থী রোকন উদ্দিনের ক্যাম্পে আমাদের নেতাকর্মীরা সুন্দরভাবে গণসংযোগের কার্যক্রম করছিল, সেখানে বিএনপির মেয়র প্রার্থী নিজে উপস্থিত হয়ে আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘আমরা গতকাল লক্ষ করেছি বিএনপির প্রার্থীর পিএস পরিচয়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি সেদিন অবৈধ অস্ত্র দিয়ে গোলাগুলি করেছেন। এমনি যদি সন্ত্রাসী দিয়ে কোনো ভোটকেন্দ্র দখল করার পাঁয়তারা করা হয়, তাহলে ভোটারাসহ ঢাকাবাসী সেটা প্রতিহত করবে। আমরা ভোটারদের সঙ্গে, ঢাকাবাসীর সঙ্গে থাকব।’ শেখ তাপস বলেন, ‘আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে অনুরোধ করব কঠোরভাবে যাতে আইন প্রয়োগ করে এই সন্ত্রাসীদের থেকে আমাদের ঢাকাবাসীকে পরিত্রাণ দেয়।’ প্রচারের শেষ দিন ঢাকাবাসীর কাছে আবেদন রেখে নৌকার এই প্রার্থী বলেন, ‘আমাদের প্রিয় ঢাকাকে উন্নত করার সুযোগ পহেলা ফেব্রুয়ারি। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন, এটা একটি স্থানীয় সরকার নির্বাচন। তাই দলমত নির্বিশেষে আমি সব ঢাকাবাসীর কাছে আবেদন করব আপনারা ভোটকেন্দ্রে উপস্থিত হবেন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে একজন দক্ষ, একজন যোগ্য ব্যক্তিকে সেবক হিসেবে নির্বাচিত করে উন্নত ঢাকা গড়ার পক্ষে রায় দিবেন।’ তিনি বলেন, ‘আপনাদের প্রত্যেকটি ভোট আমাকে, আমার কাউন্সিলরদেরকে শক্তি সঞ্চয় করবে। সব প্রতিকূলতা অতিক্রম করে আমরা উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে সততা নিষ্ঠা একাগ্রতায় নিবেদিত হয়ে কাজ করতে পারি, কাজ করব ইনশাল্লাহ।’ তাপস বলেন, ‘আজকে এই গণসংযোগের শেষ দিন দলমত নির্বিশেষে সবার কাছে আবেদন নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নত ঢাকা গড়ার পক্ষে রায় দিবেন। ঢাকাবাসী অধীর আগ্রহে আছেন। উন্নত ঢাকা গড়ার আমরা যে নবসূচনা, নবযাত্রার প্রত্যয়ের কথা আমরা বলেছি সেই নবসূচনা শুরু করার সময় আগামী পহেলা ফেব্রুয়ারি। আমরা বিশ্বাস করি নৌকা মার্কা বিপুল ভোটে জয়ী হবে।’ এ সময় তার উন্নয়নের রূপরেখা ও নির্বাচনী ইশতেহার ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছেন বলেও মন্তব্য করেন তাপস।