বিদ্যালয়ের অনুষ্ঠানে এক স্কুলছাত্রীকে বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইতে বাধা দেওয়ার অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আমিনুল ইসলামকে জেলার ভোলাহাট উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলাহাট প্রেস ক্লাব চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক এবং ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৭ জানুয়ারি ভোলাহাটের মুশরিভূজা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আমিনুল ইসলাম। ওই অনুষ্ঠানে এক ছাত্রী বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইতে গেলে বাধা দেন বিএনপি নেতাকর্মীরা। পরে জোর করে ওই ছাত্রীকে অনুষ্ঠানের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করা হয়েছে উল্লেখ করে সাংসদ আমিনুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বঙ্গবন্ধুকে অসম্মানের অপরাধে সাংসদ আমিনুলের শাস্তিও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।