খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ‘আধিপত্য বিস্তারের জের’ ধরে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানপাড়ার পাশের টিলায় এ ঘটনা ঘটে। নিহত অর্জুন চাকমা ওরফে সোনাধন (৩৮) সদর উপজেলার গাছবান ২ নম্বর প্রকল্প এলাকার মৃত ভবেন্দ্র চাকমার ছেলে। মাটিরাঙ্গা থানার ওসি শামসুদ্দিন ভূঁইয়া জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও প্রতিপক্ষ দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও জানান, লাশের সঙ্গে একটি পিস্তল ও কিছু গুলির খোসা পাওয়া গেছে। এ ঘটনায় আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। তবে এ ব্যাপারে ইউপিডিএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।