করোনাভাইরাস: ভুয়া মেইল পাঠিয়ে তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা

চীনের নতুন করনোভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ব। চীনে মারা গেছে দুই শতাধিক মানুষ। ছড়িয়ে পড়েছে ১৯টি দেশে। ভাইরাসটির আতঙ্কে হ্যাকাররাও উঠে পড়ে লেগেছে মানুষের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে।

হিন্দুস্তান টাইমস জানায়, ভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরিতে স্বাস্থ্য দপ্তর বা জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সতর্কবাণীকে কাজে লাগাচ্ছে হ্যাকাররা। ভুয়া মেইল পাঠিয়ে ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে কম্পিউটার ও স্মার্টফোনে।

জনস্বাস্থ্য কর্তৃপক্ষের মেইলগুলোর মতোই মানুষকে মেইল পাঠাচ্ছে হ্যাকাররা। করোনাভাইরাসে আতঙ্কিত মানুষ সেসব মেইল খুলেই আক্রান্ত হচ্ছে অনলাইন ভাইরাসে।

ইতিমধ্যে ক্যাসপারস্কিসহ অনলাইন ভাইরাস প্রতিরোধী একাধিক প্রতিষ্ঠান অনেকগুলো ভুয়া মেইল শনাক্ত করেছে। যেগুলোর মধ্যে ম্যালওয়্যার ভাইরাস ঢুকিয়ে দিয়েছে হ্যাকাররা।

আইবিএম এক্স-ফোর্সের প্রযুক্তি হুমকি মোকাবিলা ব্যবস্থা জাপানে বড় ধরনের ম্যালওয়্যার শনাক্ত করেছে। দেশটির গিফু, ওসাকা, টটোরি প্রশাসনিক এলাকায় অনেক মানুষের কাছে এমন মেইল পাঠিয়েছে হ্যাকার।

এসব মেইলে সরকারি কর্তৃপক্ষে নির্দেশনাবলি মাইক্রোসফট ওয়ার্ড ডকস যুক্ত করে দেয়া হয়। ফাইল খুললেই কম্পিউটার বা স্মার্টফোনে ম্যালওয়্যার ঢুকে পড়ছে। যার মাধ্যমে ব্রাউজার হিস্ট্রিসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের কাছে।

এদিকে চীনে প্রতিটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে নতুন করোনাভাইরাস। আক্রান্ত হয়েছে সাড়ে নয় হাজারেরও বেশি মানুষ। চীনের বাইরে ১৯টি দেশে আক্রান্তের সংখ্যা ৯৮ জন।

এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় সুইজারল্যান্ডের জেনেভায় এক জরুরি বৈঠকের পরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।

তবে ভাইরাসটি নিয়ে বিশ্ববাসীকে উদ্বিগ্ন না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।