সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ডিগ্রি কলেজের দুই শতক জমি দখল করে ইব্রাহিম হোসেন নামের এক মাদক কারবারি বাড়ি নির্মাণ করে সেখানে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।
মাদক ব্যবসায়ী ইব্রাহিম হোসেন বেলকুচির দৌলতপুরের নাড়ামুড়ি গ্রামের মৃত নওশের আলী প্রামাণিকের ছেলে। তার খপ্পরে পড়ে উঠতি বয়সী অনেক শিক্ষার্থী মাদকাসক্ত হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এ নিয়ে অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী চরম দুশ্চিন্তায় পড়েছেন।
এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ মাসুদ রানা জানান, প্রতিকার চেয়ে বেলকুচি ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে তারা হতাশ হয়ে পড়েছেন।
তিনি আরও জানান, ১৯৯৬ সালে ১০১ শতক জায়গার ওপর এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে চালু হয় স্নাতক পাস ও অনার্স কোর্স। বর্তমানে কলেজটিতে ১ হাজার ২০০ শিক্ষার্থী রয়েছে। অধ্যক্ষ বলেন, কলেজটি চালুর পর থেকেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইব্রাহিম হোসেন প্রভাব খাঁটিয়ে এ কলেজের পশ্চিম পাশের ২ শতক জায়গা জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ করেছেন। শুধু তাই নয়, বাড়িটিকে এখন তিনি মাদক বিক্রি ও অসামাজিক কার্যকলাপের প্রতিষ্ঠানে পরিণত করেছেন। ফলে তার খপ্পরে পড়ে উঠতি বয়সী অনেক ছাত্র মাদকাসক্ত হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। একটি নতুন চার তলা একাডেমিক ভবন বরাদ্দ পাওয়া গেছে। জমিটি উদ্ধার হলে ছাত্রদের খেলার মাঠ ঠিক রেখে ভবনটি নির্মাণ সম্ভব হবে। তা না হলে জায়গা স্বল্পতার কারণে বরাদ্দকৃত অর্থ ফেরত যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে, ইব্রাহিম হোসেন মাদক কারবারের কথা অস্বীকার করে বলেন, জায়গা মেপে যদি কলেজের হয় তাহলে আমি ছেড়ে দেব। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান বলেন, অচিরেই সরেজমিনে পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।