বিশ্বের শীর্ষ থিঙ্কট্যাংকের তালিকায় ওপরের দিকে স্থান করে নিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস। বাংলাদেশের সেরা এই গবেষণা প্রতিষ্ঠানটি বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৪ নম্বরে রয়েছে। আর আন্তর্জাতিক উন্নয়ন নীতি গবেষণা বিবেচনায় নিলে বিআইডিএসের অবস্থান বিশ্বে ২৬ নম্বরে।
গত ২৮ জানুয়ারি প্রকাশিত ‘গ্লোবাল গো টু থিঙ্কট্যাংক ইনডেক্স (জিজিটিটিআই)’-এ তথ্য উঠে এসেছে। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া এই ইনডেক্স প্রকাশ করেছে। বিশ্বের ৮ হাজার ২৪৮টি থিঙ্কট্যাংকের মধ্যে এই সূচক করা হয়েছে। এতে বাংলাদেশের ৩৬টি সংস্থা জায়গা পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক উন্নয়ন নীতি শ্রেণিতে বিআইডিএস ২৬তম, সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি ৮৯তম ও দ্য ইনস্টিটিউট ফর পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্ন্যান্স (আইপিএজি) ৪২ নম্বরে জায়গা পেয়েছে।
সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিআইডিএস বিশ্বের ২৮তম শীর্ষ; দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত দেশগুলোর মধ্যে বিআইডিএস ১৭তম সেরা থিঙ্কট্যাংক। দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত দেশগুলোর মধ্যে সিপিডির অবস্থান ৫৪ নম্বরে এবং খাদ্য নিরাপত্তাবিষয়ক শ্রেণিতে সিপিডি ৩৫ নম্বরে স্থান পেয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলর্ভুক্ত দেশগুলোর মধ্যে ২৩তম এবং প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা শ্রেণিতে ৩৬তম থিঙ্কট্যাংকের জায়গা করে নিয়েছে।