১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী ডিপি ওয়ার্ল্ড

বৈশ্বিক টার্মিনাল অপারেটর ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশে বন্দর ও কনটেইনার টার্মিনাল নির্মাণ, ব্যবস্থাপনা ও কনটেইনার সরবরাহ সংশ্লিষ্ট অবকাঠামো খাতে ১ বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। গত মাসে নৌ মন্ত্রণালয়ের কাছে এ বিনিয়োগ প্রস্তাব দিয়েছে দুবাইভিত্তিক কোম্পানিটি।

বাংলাদেশ যখন পায়রা সমুদ্রবন্দরে মাল্টিপারপাস টার্মিনাল স্থাপনে বিনিয়োগ খুঁজছে, ওই সময় এ বিনিয়োগ প্রস্তাবটি এসেছে। তবে ডিপি ওয়ার্ল্ড পায়রা বন্দরের বদলে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। প্রস্তাবে ডিপি ওয়ার্ল্ড বলেছে, তারা পতেঙ্গায় নির্মাণাধীন কনটেইনার টার্মিনালে বিনিয়োগ করতে হয়। এছাড়া নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল আধুনিকায়ন ও পরিচালনা এবং কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপো পরিচালনার আগ্রহ দেখিয়েছে। এছাড়া বে-টার্মিনাল পরিচালনায় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে চেয়েছে ডিপি ওয়ার্ল্ড।

ডিপি ওয়ার্ল্ড বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর পরিচালনাকারী সংস্থা, যা ২০০৫ সালে দুবাই পোর্ট অথরিটি ও দুবাই পোর্টস ইন্টারন্যাশনালের একত্রীকরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ডিপি ওয়ার্ল্ডের ছয়টি মহাদেশের ৪০টি দেশে ৭৭টি সমুদ্রবন্দরে বিনিয়োগ রয়েছে। সংস্থাটি বছরে ৭০ হাজার জাহাজের মাধ্যমে সাত কোটিরও বেশি কনটেইনার হ্যান্ডেল করে।