জানুয়ারির দলবদলের শেষ দিন স্প্যানিশ ক্লাব বার্সেলোনা দলে টেনেছে এক মিডফিল্ডার ও এক স্ট্রাইকারকে। পর্তুগিজ তরুণ স্ট্রাইকার ফ্রান্সিসকো ত্রিনকাওকে এসসি ব্রাগা থেকে আনছে কাতালানরা। এ জন্য লা লিগা চ্যাম্পিয়নদের গুনতে হয়েছে ৩ কোটি ১০ লাখ ইউরো। আর ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে মিডফিল্ডার ম্যাথিউস ফার্নান্দেসকে ৭০ লাখ ইউরোতে আনছে বার্সেলোনা। জানুয়ারিতে চুক্তি হলেও তারা দুজনই দলের সঙ্গে যোগ দেবেন জুলাইয়ের ১ তারিখ থেকে। ২০ বছর বয়সী ত্রিনকাওয়ের বাই-আউট ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো। পর্তুগালের অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় ত্রিনকাওয়ের দেশটির শীর্ষ লিগে অভিষেক হয় গত মাসেই। ব্রাগা এফসির চলতি মৌসুমে লিগে ম্যাচ খেলেছেন ২২টি। তাতে গোল করেন ৩টি, করিয়েছেন আরও ৬টি। বার্সায় তার মেয়াদ হবে ২০২৫ সাল পর্যন্ত। আর ২১ বছর বয়সী ম্যাথিউসের সঙ্গেও বার্সেলোনার চুক্তি পাঁচ বছরের। ২০১৯ সালে পালমেইরাসে যোগ দেওয়ার পর ১১ ম্যাচে একটি গোল করেছেন তিনি। ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৬ সালে বোটাফোগোর জার্সিতে পেশাদার ফুটবল শুরু করেন ম্যাথিউস। পরে যান পালমেইরাসে।