ঢাকার দুই সিটি করপোরেশনে গতকাল যে নির্বাচন হয়েছে এ রকম নির্বাচন গত ১০০ বছরেও হয়নি বলে দাবি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল শনিবার সন্ধ্যায় ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে
দলের পক্ষে নির্বাচন পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ দাবি করেন। তিনি বলেন, আজকের ইভিএমে যে নির্বাচন হয়েছে, গত ১০০ বছরে এ রকম অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়নি। এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, দীপু মনি, বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির হরতাল ডাকার বিষয়ে হানিফ বলেন, প্রতিটি এলাকায় আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে হরতাল প্রতিহত করবে। মোহাম্মদপুরের জাফরাবাদের একটি কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে হানিফ বলেন, ‘খবর পেয়েছি আওয়ামী লীগ নেতাকর্মীরা নয়, বরং বিএনপিসমর্থিত ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিককে আহত করেছে।’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘মির্জা ফখরুল যে অভিযোগগুলো করেছেন, সেগুলো আগে থেকেই লিখে রেখেছিলেন। নির্লজ্জ মিথ্যাচার করেছেন তিনি। তার দাবিগুলো হাস্যকর। অভিযোগের সত্যতা কোথাও পাওয়া যায়নি। ফখরুল বলেছেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে নৌকার প্রার্থীর জয় নিশ্চিতের চেষ্টা হয়েছে এটা চরম মিথ্যাচার। তিনি বলেন, মির্জা ফখরুলকে বলব, এই উক্তির পেছনে প্রমাণ হাজির করবেন, না হলে ক্ষমা চাইতে হবে।’
নির্বাচনে ভোট কম পড়েছে স্বীকার করে হানিফ বলেন, টানা সরকারি ছুটি এবং গণপরিবহন বন্ধ থাকায় অনেক ভোটার ভোট দিতে আগ্রহ প্রকাশ করেননি, এ কারণে প্রত্যাশার চেয়ে কম ভোট হয়েছে। ভবিষ্যতে নির্বাচন কমিশন এ ব্যাপারে দৃষ্টি দেবে বলে আশা করি। বিএনপি বারবার নির্বাচনকে আন্দোলনের অংশ বলায়ও ভোটার সংখ্যা কম হতে পারে।’