৬৯-এর গণ-আন্দোলনে বরিশালের ইপিআরের গুলিতে প্রথম নিহত শহীদ আলাউদ্দিনের নামে পায়রা সেতুর নামকরণ এবং শহীদ আলাউদ্দিনের শিক্ষাপ্রতিষ্ঠান আসমত আলী খান ইনস্টিটিউট সরকারি করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে ওই মানববন্ধন করা হয়।
৬৯-এর গণ-আন্দোলনে শহীদ আলাউদ্দিন বরিশাল নগরের আসমত আলী খান ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র ছিলেন। তার স্মৃতিরক্ষায় স্থানীয় সুশীলসমাজ শহীদ আলাউদ্দিনের নামে নির্মাণাধীন পায়রা (লেবুখালী) সেতুর নামকরণ এবং তার স্মৃতিবিজড়িত আসমত আলী খান ইনস্টিটিউট (একে স্কুল) সরকারীকরণের দাবি জানিয়েছেন।
শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক নেতা অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, জেলা বাসদ সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, একে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু প্রমুখ। মানববন্ধনে একে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীলসমাজের নেতারা উপস্থিত ছিলেন।