সানেমের সম্মেলনে ওয়াহিদ উদ্দিন মাহমুদ

সুশাসনে নজর দিতে হবে

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিস্ময়কর হলেও সুশাসন ও নৈতিকতার চর্চায় অনেক পিছিয়ে আছে বলে মনে করেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর প্রবৃদ্ধির পরের ধাপে যেতে হলে ঘুষ-দুর্নীতি ও অনৈতিকতা চর্চা বন্ধের পাশাপাশি সুশাসনের সূচকগুলোতেও নজর দিতে হবে। গতকাল মহাখালী ব্র্যাক ইন সেন্টারে ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত অর্থনীতিবিদদের দুদিনের পঞ্চম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের সূচকে অনেক দূর এগিয়েছে। কিন্তু সুশাসনের আন্তর্জাতিক সূচকগুলোতে বাংলাদেশের অবস্থান অনেক নিচে। তারপরও সমপর্যায়ের দেশগুলোর তুলনায় বাংলাদেশের অগ্রগতি একটি বিস্ময়। তবে এর পরবর্তী ধাপ পেরোতে যে চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, সেগুলো নিয়ে ভাবনা-চিন্তা করা দরকার। প্রবৃদ্ধি ও সুশাসনের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটা রক্ষা করে কীভাবে এগোবে, সেটা এখন ভাবতে হবে।

দেশের ব্যবসায়ী ও আমলাতন্ত্রের মধ্যে অনৈতিকতার ব্যাপক চর্চা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘একদিকে দ্রুত প্রবৃদ্ধি হচ্ছে; অন্যদিকে সুশাসনের সূচক নিচে পড়ে আছে। বিশ^ব্যাংকের ইজি অব ডুয়িং বিজনেস সূচক বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অর্থনৈতিক প্রতিযোগিতামূলক সূচকগুলোর দিকে তাকিয়ে আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি কমাতে হবে। প্রশাসনিক সংস্কারের কথা ভাবতে হবে। আজ দ্বিতীয় দিনের অধিবেশন বসবে গুলশান স্পেকট্রা কনভেনশন সেন্টারে।