ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতাল জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের এই নেতা সে সময় দলের পক্ষে বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহারেরও আহ্বান জানান।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির হরতাল জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা এই ধরনের নেতিবাচক রাজনীতি পরিহার না করলে ভবিষ্যতে আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, প্রত্যাখ্যাত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে।
তিনি বলেন, আওয়ামী লীগ এবার মাঠে না থেকে একটু দেখতে চেয়েছে জনগণ কী করে। দেখলাম জনগণ বিএনপির হরতাল প্রত্যাখ্যান করেছে।
হরতাল কালচার বাংলার জনগণ বর্জন করেছে। রাস্তাঘাটে যানবাহন সবকিছুই স্বাভাবিক। এর মাধ্যমে প্রমাণ হলো বিএনপি যে ভুলের রাজনীতি করে জনগণ সেই রাজনীতি প্রত্যাখ্যান করেছে।
নানক বলেন, এই ভুলের রাজনীতির কারণেই মানুষ ভোটকেন্দ্রে আসা কমিয়ে দিয়েছে। নির্বাচনের ফল প্রকাশের আগেই তা প্রত্যাখ্যান করে হরতাল ডেকেছে বিএনপি। এর মধ্য দিয়ে আবারও বিএনপির চিরাচরিত চরিত্র ফুটে উঠেছে।
তিনি বলেন, অতীতের মতো কোথাও কোনো জাল ভোট দেওয়া কিংবা কেন্দ্র দখল, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেনি। তারপরও বিএনপি বিরোধিতার খাতিরে বিরোধিতা এবং মিথ্যা অভিযোগে ফল বর্জনের নাটক করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতা চালাচ্ছে।
ভবিষ্যতে ইভিএম সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য আরও প্রচার চালানো প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনের সময় গণপরিবহন বন্ধের সিদ্ধান্তটিও পুনর্বিবেচনা করা যায় কি না সে বিষয়ে আলোচনার আহ্বান জানান নানক।
বিএনপি ঢালাওভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছে অভিযোগ করে আওয়ামী লীগের এই নেতা প্রশ্ন রাখেন, তাহলে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন এত ভোট পেল কীভাবে?
তিনি বলেন, ১১নং ওয়ার্ড থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছোট ভাই কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এ রকম আরও উদাহরণ আছে। এমনকি তাবিথ আউয়াল কিন্তু অনেক কেন্দ্রে আতিকুলের চেয়ে বেশি ভোট পেয়েছেন।
বিজয় মিছিল বা উৎসব না করতে দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনা জানিয়ে জনগণের সেবায় প্রার্থী ও নেতাকর্মীদের মনোযোগ দেওয়ার আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক।
সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নানক। সংবাদ সংগ্রহে কর্তব্যরত সাংবাদিকদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।