কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর বাজার সংলগ্ন পশ্চিম সিংহ এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে লাশ উদ্ধারের পর বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির এসআই নন্দন চন্দ্র সরকার জানান, অজ্ঞাত ওই যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় হত্যার পর লাশটি ওখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভির সালেহিন ইমন। এ সময় তার সঙ্গে ছিলেন বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক।
সতিনকে গলা টিপে হত্যার অভিযোগ : গাজীপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে সতিনকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে নগরীর সদর থানার পূর্ব চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম (৩৫) শেরপুর সদর উপজেলার দশানীবাজার এলাকার হাবিবুর রহমানের প্রথম স্ত্রী। এ ঘটনায় রিকশাচালক হাবিবুরের দ্বিতীয় স্ত্রী সাথী আক্তারকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের উদ্ধৃত করে মেট্রোপলিটন সদর থানার এসআই ফিরোজউদ্দিন জানান, রোজিনা সন্তান নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন। আর সাথী থাকেন হাবিবুরের সঙ্গে পূর্ব চান্দনায়। সম্প্রতি রোজিনা পূর্ব চান্দনায় বাস করা তার বাবা-মায়ের কাছে বেড়াতে আসেন। এ খবর পেয়ে সাথী মোবাইলে রোজিনাকে বাসায় ডাকেন। যাওয়ার পর তাদের মধ্যে দাম্পত্য বিষয় নিয়ে কথাকাটাকাটি এবং ধস্তাধস্তির হয়। একপর্যায়ে একে অন্যের গলা টিপে ধরলে রোজিনা অচেতন হয়ে পড়েন। উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।