সোনার বাংলা গড়ার পথে ভারত আগামীতেও বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। গতকাল সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক মন্তব্য করে ভারতীয় হাইকমিশনার বলেন, এ সম্পর্কের মধ্যে বঙ্গবন্ধুর বিশাল ভূমিকা রয়েছে। এশিয়ার নেতাদের মধ্যে তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা। বঙ্গবন্ধু যে ভিশন নিয়ে পথ শুরু করেছিলেন সেটা শেষ করতে পারেননি। তার স্বপ্নের সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। সোনার বাংলা গড়ার পথে ভারত আগেও পাশে ছিল, আগামীতে বাংলাদেশের পাশে থাকবে।
সকাল সাড়ে ৯টার দিকে রীভা গাঙ্গুলি দাশসহ ৫ সদস্যের প্রতিনিধিদল বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। পরে তারা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার আরও বলেন, আমি এই মুজিব জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। তিনি বলেন, আমি ছোটবেলায় রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি। এত বছর পর তার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে আমি সত্যিই নিজেকে খুব সম্মানিত মনে করেছি। রীভা গাঙ্গুলি বলেন, ১৭ মার্চ থেকে মুজিব জন্মশতবর্ষ উদযাপিত হবে। এতে ভারত অংশগ্রহণ করার জন্য তৈরি রয়েছে। মুজিববর্ষ উদযাপনের মধ্য দিয়ে আমাদের দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় ও গভীর হবে।
এ সময় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার স্বামী প্রশান্ত কুমার দাশ, হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) নবনিতা চক্রবর্তী, প্রটোকল অফিসার নিরাজ কুমার বিলখাসহ ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ছিল। ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে হাইকমিশনার বঙ্গবন্ধুর সমাধিসৌধ ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন। বেলা ১১টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় কালীবাড়ি পরিদর্শন করেন তিনি।