চরভদ্রাসনের সেই দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

দুর্নীতি, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র জালিয়াতির অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসনের হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের সেই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, তাদের ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

তারা হলেন- হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান ও আইসিটি শিক্ষক মো: সোহেল রানা। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে এম ওবায়দুল বারী দিপু খান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

দিপু খান জানান, ওই দুই শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষা দিতে না পারা ৭ শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে তাদের বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এছাড়া গত ৩০ জানুয়ারি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হেসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।

তিনি আরও জানান, গত ১ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাক্ষরিত এক চিঠিতে প্রধান শিক্ষককে ও ৪ ফেব্রুয়ারি আইসিটি শিক্ষককে বহিষ্কার আদেশ ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এ বিষয়ে ওই দুই শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, হরিরামপুর উচ্চ বিদ্যালয় হতে এ বছর ৪৪ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। এর মধ্যে ৩৭ জন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। অভিযুক্ত দুই শিক্ষকের প্রতারণা ও জালিয়াতির কারণে ৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারছে না বলে তারা অভিযোগ করেছেন।