ঢাকার দুই সিটি নির্বাচনে ক্ষমতাসীন প্রিার্থী ছাড়া সাতটি রাজনৈতিক দলের ৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯ দলের ১৩ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই সিটির রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালার ৪৪ (৩)-এ বলা হয়েছে, ভোটগ্রহণ বা ভোটগণনা সমাপ্ত হওয়ার পর যদি কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পান, তাহলে ওই প্রার্থীর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে। ৯ প্রার্থী নির্ধারিত ভোট সংখ্যার চেয়ে কম ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকার দুই সিটিতে ২০ লাখেরও বেশি ভোটার থাকায় মেয়র প্রার্থীদের জামানত রাখতে হয়েছিল এক লাখ টাকা।
এদিকে দুই সিটিতে ১২৯টি সাধারণ ওয়ার্ড ও ৪৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭৫০ জন। তাদের মধ্যে কোন কোন প্রার্থী জামানত হারিয়েছেন সেই তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে দুই রিটার্নিং কর্মকর্তা বলেন, শিগগিরই কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জামানত হারানোদের নামও জানা যাবে।
ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগ ও বিএনপিসহ ছয়টি দলের প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ সিটির ৩০ লাখ ১২ হাজার ৫০৯ ভোটারের মধ্যে এ নির্বাচনে ভোট দিয়েছেন ৭ লাখ ৬২ হাজার ১৮৮ ভোটার। যার আট ভাগের এক ভাগ হলো ৯৫ হাজার ২৭৪ ভোট।
ভোটের ফলাফল বিবরণী থেকে জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। জামানত বাজেয়াপ্ত হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মো. ফজলে বারী মাসউদ হাতপাখা মার্কায় পেয়েছেন ২৮ হাজার ২০০ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহাম্মদ সাজেদুল হক রুবেল কাস্তে প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১২২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. আনিসুর রহমান দেওয়ান আম প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৫৩ ভোট এবং প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির প্রার্থী শাহীন খান ডাব প্রতীকে পেয়েছেন ২ হাজার ১১১ ভোট।
অন্যদিকে, ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ ও বিএনপিসহ সাতটি দল মেয়র পদে প্রার্থী দিয়েছিল। এ সিটিতে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৫৯ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ৭ লাখ ১৩ হাজার ৫০ ভোটার। এর আট ভাগের এক ভাগ হলো ৮৯ হাজার ১৩১ ভোট।
ভোটের ফল বিবরণী থেকে থেকে জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস নৌকা প্রতীকে পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। আর বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। এ সিটিতে জামানাত হারানো ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৫২৫ ভোট, গণফ্রন্টের আবদুস সামাদ সুজন মাছ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট, জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন পেয়েছেন ৫ হাজার ৫৯৩ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ ডাব প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪২১ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. বাহারানে সুলতান বাহার আম প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৫ ভোট।