ঢাকা শিক্ষা বোর্ড

বাংলা প্রথম পত্রে গাইড বই থেকে হুবহু প্রশ্ন

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রের একাধিক প্রশ্ন হুবহু গাইড বই থেকে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।  ইতিমধ্যে এ ঘটনার প্রাথমিক সত্যতাও পেয়েছে শিক্ষা বোর্ড। এ ঘটনায় জড়িত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. জিয়াউল হক।

গতকাল তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা প্রথমে এই অভিযোগটা পেলে তা খতিয়ে দেখি। পরে তার সত্যতা পেয়েছি। দেখা গেছে বাংলা প্রথম পত্রের একটি প্রশ্ন হুবহু একটি গাইড থেকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু এমনটা হওয়ার কথা নয়। ফলে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। এই কমিটি বিষয়টি পর্যালোচনা করবে, কোন শিক্ষক এই কাজটি করেছেন তাকে চিহ্নিত করবে। তারপর আমরা তার বিরুদ্ধে নিয়মমাফিক ব্যবস্থা নেব।’

বোর্ড সূত্র জানিয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রের ৯নং প্রশ্ন হুবহু একটি গাইড থেকে তুলে দেওয়া হয়েছে। আবার ঢাকা বোর্ডের ২০১৭ সালের ৮নং প্রশ্ন এবারের ৮নং প্রশ্ন হিসেবে তুলে দেওয়া হয়েছে। যদিও এখানে নাম ও ক নং প্রশ্নটি সামান্য পরিবর্তন করা হয়েছে।   বরিশাল বোর্ডের ২০১৭-এর ২নং প্রশ্ন ঢাকা বোর্ডের এবার ৩নং প্রশ্ন হিসেবে তুলে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শুধু চরিত্রের নাম শিউলীর বদলে পারুল করা হয়েছে।