এসএসসি ও সমমান পরীক্ষা

দ্বিতীয় পরীক্ষায় অনুপস্থিত ৫৪৬১ বহিষ্কার ১৮

এসএসসি ও সমমানের পরীক্ষায় গতকাল মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছে। দ্বিতীয় দিনের এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ হাজার ৪৬১ শিক্ষার্থী এবং বহিষ্কার হয়েছে ১৮ জন। এ ছাড়া অনৈতিক কাজে সহযোগিতা করা এবং দায়িত্বে অবহেলার দায়ে ৯ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে জানিয়েছে, ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৮৪০ জন; বহিষ্কার হয়েছে ৫ জন। চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ৩৯৭ জন, রাজশাহী বোর্ডে অনুপস্থিত ৬৯৬ জন; বহিষ্কার হয়েছে ১ জন। বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৪৩ জন; বহিষ্কার হয়েছে ৯ জন। সিলেট বোর্ডে অনুপস্থিত ৩৬৪ জন, দিনাজপুরে অনুপস্থিত ৪৯৭ জন, কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ৩৮৪ জন, যশোর বোর্ডে অনুপস্থিত ৫৭৫ জন এবং ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ৩৬৫ জন ও বহিষ্কার হয়েছে ৩ জন। কারিগরি বোর্ডে গতকাল পরীক্ষা ছিল না। মাদ্রাসা বোর্ডের তথ্য পাওয়া যায়নি।

দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে জানা গেছে, টাঙ্গাইলের মির্জাপুরের বাঁশতৈল কেন্দ্রে দুই শিক্ষক ইচ্ছেমতো আসন বিন্যাস এবং এক কক্ষের পরীক্ষার্থীকে আরেক কক্ষে পরীক্ষা দিতে সহযোগিতা, স্মার্টফোন ব্যবহারসহ নানা অনিয়ম করায় ভ্রাম্যমাণ আদালত কেন্দ্র সচিবসহ দুই শিক্ষককে ১৫ দিনের জেল এবং দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। দায়িত্ব পালনে অবহেলার দায়ে মাগুরা সরকারি বিদ্যালয় কেন্দ্রের হল সুপারকে বহিষ্কার এবং ৬ কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এ ব্যবস্থা নেন। এ ছাড়া ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদীতে আল ইমরান নামে এক তরুণকে আটক করেছে র‌্যাব-১৪।

(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন মাগুরা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের মির্জাপুর প্রতিনিধি।)