অফিসে ঢুকে প্রকৌশলীকে মারধর

দোহার ছাত্রলীগ সভাপতি আমিনুল গ্রেপ্তার

ঢাকার দোহারে কার্যালয়ে ঢুকে প্রকৌশলী কবির উদ্দিন শাহকে মারধর ও ভাঙচুরের ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘প্রকৌশলীকে মারধরের মামলার আসামি হিসেবে সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি জায়গা থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা জেলা ডিবি পুলিশ।’

এর আগে গত রবিবার বিকেলে দোহার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণকাজের বিষয় নিয়ে প্রকৌশলী কবির উদ্দিন ও আমিনুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমিনুল চড়াও হয়ে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে প্রকৌশলীকে আটকে রেখে গালিগালাজ শুরু করেন। পরে আমিনুল ও তার সঙ্গে থাকা ৩-৪ জন মিলে কবির উদ্দিনকে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে।

কবির উদ্দিনের ভাষ্য, হামলার সময় তার চোখে থাকা চশমা ও কার্যালয়ের টেবিলের গ্লাসসহ কিছু জিনিসপত্র ভেঙে ফেলে আমিনুল ও তার সহযোগীরা। এ ঘটনায় রবিবার রাতেই আমিনুলসহ অজ্ঞাত পরিচয় ৪-৫ জনকে আসামি করে দোহার থানায় মামলা করেন কবির উদ্দিন।

এদিকে ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করেছে জেলা ছাত্রলীগ।