এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বাস খাদে, আহত ১৪

সাভারের ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ১৪ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ধামরাই-বালিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পরীক্ষার্থী ছাড়াও শিক্ষক ও অভিভাবক রয়েছেন। এ ঘটনায় ৩ পরীক্ষার্থীর হাত ও পা ভেঙে যাওয়ায় তাদের বিশেষভাবে আলাদা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ধামরাই থানার কাওলিপাড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা জানান, আশুলিয়ার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৩ জন এসএসসি পরীক্ষার্থীসহ কয়েকজন শিক্ষক ও অভিভাবক নিয়ে ধামরাইয়ের কুশুরিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল বাসটি। পথিমধ্যে বাটুলিয়া এলাকায় পৌঁছালে বাসটির সামনের ডান পাশের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে অন্তত ১৪ জন আহত হন। পরে পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঢাকা জেলার সিভিল সার্জন আবু হোসেন  মো. মইনুল আহসান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দশ সদস্যের একটি চিকিৎসক দল নিয়ে ঘটনাস্থল এবং পরীক্ষা কেন্দ্রে যাই।’

ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সামিউল হক জানান, আহত পরীক্ষার্থীরা সবাই পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৩ জন বেশি আহত হওয়ায় তাদের বিশেষ ব্যবস্থায় আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয়েছে।