দেশে ফিরতে চাওয়া যুবলীগের আনিসের রিট খারিজ

কোনো প্রকার হয়রানি ছাড়া দেশে ফিরতে চেয়ে যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমানের রিট আবেদনটি খারিজ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়।

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় যুবলীগ থেকে বহিষ্কৃত হওয়া আনিসুর রহমান বর্তমানে স্ত্রী সুমী রহমানসহ বিদেশে অবস্থান করছেন। সম্প্রতি তিনি কোনো প্রকার হয়রানি ছাড়া দেশে ফিরতে চেয়ে আইনজীবীর মাধ্যমে রিট আবেদনটি করেন।

গতকাল আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এমএ আজিজ খান।

গত বছর ক্যাসিনোবিরোধী অভিযানের সময় সংগঠন থেকে বহিষ্কার হওয়ার পরে স্ত্রীসহ তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একপর্যায়ে স্ত্রীকে নিয়ে ভারতে যান তিনি। কোনো প্রকার হয়রানি ছাড়া দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন এমন উল্লেখ করে গত ২৭ জানুয়ারি তার পক্ষে জনৈক আহসান মোর্শেদ নামে একটি ব্যক্তি আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে রিট আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম আমিনউদ্দিন মানিক জানান, গত বছর ২৯ অক্টোবর ক্যাসিনোবিরোধী অভিযানের সময় আনিসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১২ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৯২০ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। একই দিন তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি টাকার ওপরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। দুটি মামলাই তদন্তাধীন রয়েছে।

তিনি জানান, চিকিৎসা ভিসায় কাজী আনিসুর রহমান গত বছর ২৪ সেপ্টেম্বর ভারত যান এবং তার স্ত্রী সুমি রহমান কলকাতা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। এমন পরিস্থিতিতে তারা কোনো প্রকার হয়রানি ছাড়া দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। এজন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালত আজ (গতকাল) সে আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে।