বার্সার স্পোর্টিং ডিরেক্টর আবিদালকে একহাত নিলেন মেসি

সাবেক কোচ এরনেস্তো ভালভেরদের অধীনে কিছু কিছু খেলোয়াড় যথেষ্ট পরিশ্রম করতেন না বলে মন্তব্য করেছেন বার্সেলোনার ক্রীড়া পরিচালক এরিক আবিদাল। এমন মন্তব্যে চটেছেন কাতালান ক্লাবটির অধিনায়ক লিওনেল মেসি।

স্প্যানিশ সুপার কাপে ব্যর্থতার পর গত মাসে ভালভেরদেকে বরখাস্ত করে তার জায়গায় কিকে সেতিয়েনকে কোচ হিসেবে নিয়োগ দেয় বার্সেলোনা।

সম্প্রতি স্প্যানিশ দৈনিক দিয়েরো স্পোর্তকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে আবিদাল বলেন, অনেক খেলোয়াড় সন্তুষ্ট ছিলেন না অথবা কঠোর পরিশ্রম করত না। তাদের ভেতরকার বোঝাপড়ার সমস্যা ছিল।”

“কোচ ও ড্রেসিং রুমের সম্পর্কটা সব সময় ভালো ছিল। কিন্তু সাবেক খেলোয়াড় হিসেবে আমি কিছু বিষয়ের গন্ধ পেতাম। আমি যা ভেবেছি তা ক্লাবকে বলেছিলাম এবং ভালভেরদের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছায়।”

আবিদালের এমন মন্তব্যকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন বার্সেলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসি। এ ব্যাপারে ইনস্টাগ্রামে ছয়বারের বর্ষসেরা ফুটবলার লিখেছেন- “আপনি যখন খেলোয়াড়দের ব্যাপারে কথা বলবেন, তখন আপনাকে নামগুলো উল্লেখ করতে হবে। কারণ নাম না বললে, এগুলো ফাঁপা কথা হবে যেগুলো সত্য নয়।”

“পরিষ্কার করে বললে, আমি এসব পছন্দ করি না। আমি মনে করি, মানুষজনকে তাদের কাজের প্রতি ও নিজেদের সিদ্ধান্তের প্রতি দায়িত্বশীল হতে হবে।”

“মাঠে যা কিছু ঘটে সেসবের জন্য খেলোয়াড়রা দায়ী। আমরা ভালো না থাকলে প্রথমে আমাদের সেটা স্বীকার করতে হবে। ক্রীড়া বিভাগের প্রধানদের তাদের দায়িত্ব নিতে হবে। সর্বোপরি, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।”

দিয়েরো স্পোর্তের সঙ্গে আলাপকালে বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন আবিদাল। জানান, ৩২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলাপচারিতা হচ্ছে।