এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি পিয়াস মজিদের নতুন চারটি বই। যার মধ্যে দুইটি কাব্যগ্রন্থ, বাকি দুইটি প্রবন্ধের বই।
প্রথমা প্রকাশন থেকে বের হয়েছে কাব্যগ্রন্থ ‘বসন্ত, কোকিলের কর্তব্য’। প্রচ্ছদ সব্যসাচী মিস্ত্রী। বইমেলায় প্রথমার স্টলে (প্যাভিলিয়ন নং ১৫) পাওয়া যাচ্ছে বইটি।
আরেকটি কাব্যগ্রন্থ ‘গোলাপের নহবত’ প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। প্রচ্ছদ ধ্রুব এষ। বইমেলায় পাবেন পাঞ্জেরীর স্টলে (প্যাভিলিয়ন ১৯)।
বইপাঠের অনুভূতি ও আলোচনা-সমালোচনা নিয়ে প্রবন্ধের বই ‘এক পৃথিবী বইয়ের বাড়ি’ বের করেছে বেঙ্গল পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। বেঙ্গলের স্টল নং ১৫৩, ১৫৪, ১৫৫-এ পাওয়া যাচ্ছে।
কবিতা বিষয়ক প্রবন্ধের বই ‘কবিতার কায়া ও কুসুম’ প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। এটিরও প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। সংগ্রহ করুন বিদ্যাপ্রকাশের ২৬৬, ২৬৭, ২৬৮, ২৬৯-নং স্টল থেকে।
বই প্রসঙ্গে দেশ রূপান্তরকে পিয়াস মজিদ বলেন, ‘নিজের নতুন বই মানে অক্ষরের উৎসবে একটু বিশেষভাবে যুক্ত হওয়া। এবার যে বইগুলো বেরিয়েছে আমার বা বেরোবে সেগুলো পড়ার আমন্ত্রণ জানাই পাঠকদের। আমার বই পড়া মানে আমাকে পড়া। আমার এক একটি নতুন বই আমাকে নিজের কাছেই নতুন করে নিজেকে চিনতে সহায়তা করে।’
পিয়াস মজিদের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। কর্মরত আছেন বাংলা একাডেমিতে। এবারের বইমেলায় তার আরও ৫টি বই আসার কথা রয়েছে- ‘স্মরণ, ভ্রমণ, যাপন’ (প্রবন্ধ), ‘ধ্রুব এষ বললেন’ (সাক্ষাৎকার), ‘দুপুরের মতো দীর্ঘ কবিতা’, ‘কথার কল্লোল’ (প্রবন্ধ) এবং ‘মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলা একাডেমি’ (গবেষণা)।