সৌর বছরের এক পূর্ণ ঘূর্ণনের ফলে একত্রে আসছে বাসন্তী ভালোবাসার দিন। বিশেষ দিনটিকে ভালোবাসার মানুষদের উপহার দেওয়ার অনেক পরিকল্পনা থাকে। কিন্তু বুঝতে পারেন না কী উপহার দেবেন। তবে উপহার দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয়তার বিষয়টিও মাথায় রাখতে হয়। এমন কিছু উপহার বেছে নিতে পারেন, যা প্রিয় মানুষটি ব্যবহার করতে পারবে। উপহার কেনার আগে চিন্তা-ভাবনা করে এবং ভালোবাসার মানুষটির পছন্দের বিষয় মাথায় রেখে উপহার বাছাই করা যেতে পারে। তাহলে জেনে নিন ভালোবাসার মানুষের জন্য ভালোবাসা দিবসের কিছু উপহার।
ফুল, চকলেট আর কার্ড : ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি প্রচলন ফুলের। কাজেই ভালোবাসা দিবসে আপনি একগুচ্ছ ফুল দিতে পারেন। চকলেটও ভালোবাসা দিবসের ভালো উপহার হতে পারে। প্রিয় মানুষের পছন্দের এক বাক্স চকলেট কিনে রাখুন। চাইলে ব্র্যান্ডের দামি কোনো চকলেটও উপহার দিতে পারেন। উপহার হিসেবে কার্ডও দিতে পারেন। তাতে ভালো লাগা কোনো মুহূর্তের কথা অথবা মনের কোনো ইচ্ছার কথা লিখে দিতে পারেন। এমনকি মনের না বলা কথাও লিখে জানাতে পারেন। এতে ভালোবাসার মানুষটি আপনাকে আরও গভীরভাবে চিনবে।
পোশাক, পারফিউম : বুটিক হাউজগুলোতে পোশাকের নতুন নতুন কালেকশন দেখা যায়। কাজেই উপহার হিসেবে পছন্দের কোনো পোশাকও কিনতে পারেন। ভিন্ন রং ও সুবাসের পারফিউম অথবা বডি স্প্রে দিয়েও চমকে দিতে পারেন ভালোবাসার মানুষটিকে।
ফটোফ্রেম ও মগ : ফটোফ্রেমে নিজেদের যুগল ছবি ফ্রেমে বাঁধিয়ে প্রিয়জনকে উপহার দিন। ছবিটি শুধু স্মৃতি হিসেবেই থাকবে না; বরং ছবিটি সম্পর্ককে আরও মধুর করে তুলবে। প্রিয় মানুষটিকে সিরামিকের মগ, শোপিস কিংবা চাবির রিংও উপহার দিতে পারেন। চাইলে দুজনার একটি ছবি সিরামিকের প্লেটে প্রিন্ট করিয়েও দিতে পারেন।
মোবাইল ও গহনা : ভালোবাসা দিবসের উপহার হতে পারে মোবাইলও। পছন্দমতো সেট কিনে তাকে উপহার দিন। এর সঙ্গে মোবাইল কভার উপহার দিতেও ভুলবেন না কিন্তু। ভালোবাসার মানুষটিকে ছোট্ট কোনো গহনাও উপহার দিতে পারেন। চাইলে তাকে আংটি অথবা হাতের ব্রেসলেটও দেওয়া যায়। তবে কেনার সময় অবশ্যই ভালোবাসার মানুষটির সঙ্গে যেন মানানসই হয়, তা ভেবে কিনবেন।
বই : প্রিয়জনকে লাল গোলাপের সঙ্গে বই উপহার দিতে পারেন। উপহার হিসেবে বইয়ের বিকল্প হয় না। চলছে বইমেলা। আর মেলা থেকেও বই কিনতে পারেন। সেখান থেকে খুঁজে বের করুন আপনার প্রিয়জনের পছন্দের লেখকের বই। আর ভালোবাসা দিবসে তাকে চমকে দিন উপহার দিয়ে।
অন্যান্য : এ ছাড়া মেকআপ সামগ্রী, সানগ্লাস, হেয়ার স্ট্রেইটনার, ব্যাগ, প্রিয় ব্র্যান্ডের লিপস্টিক, আংটি বা কানের দুল যেকোনো কিছু বেছে নেওয়া যেতে পারে উপহার হিসেবে। মেকআপের সামগ্রীও দিতে পারেন। চুলের স্ট্রেইটনার ও কার্লার হতে পারে। তা ছাড়া নকশা করা আয়না ও গহনার বক্সও দিতে পারেন।
কোথায় পাবেন : ঢাকা ও ঢাকার বাইরে আর্চিস ও আড়ংয়ের শোরুমে পাওয়া যাবে বিভিন্ন উপহারসামগ্রী। এ ছাড়া বিভিন্ন গিফট শপ এবং ‘ওয়ান টু নাইনটিনাইন’ শপ থেকেও কিনতে পারবেন আপনার ভালোবাসার উপহার। চাইলে যেতে পারেন দেশীদশ, ইনফিনিটি, এক্সট্যাসি কিংবা বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক ইত্যাদি শপিং মলে। পাশাপাশি নিউ মার্কেট, মৌচাক ইত্যাদি মার্কেটে খুঁজলেও হাতের নাগালে সাশ্রয়ী দামে উপহার কিনতে পারবেন। বিদেশি চকলেটের খোঁজে যেতে পারেন গুলশান ডিসিসি মার্কেট, আগোরা, নন্দন, মিনাবাজার, ইউনিমার্ট ইত্যাদি সুপার শপে।