নানা স্বাদে শুঁটকি

কয়েক ধরনের শুঁটকির রেসিপি দিয়েছেন ফাহমিদা সুলতানা

পেঁয়াজ শুঁটকির ভর্তা

উপকরণ

চ্যাপা শুঁটকি ২০০ গ্রাম, পেঁয়াজ ৪টি, রসুন ৩টি, শুকনো মরিচ ৩টি, কাঁচা মরিচ ৩টি, ধনেপাতা ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. শুঁটকি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভেজে নিন।

২. এরপর পেঁয়াজ, রসুন, মরিচ ভেজে নিন।

৩. পরে পাটায় পিষে ভর্তা বানিয়ে পরিবেশন করুন।

কাচকি শুঁটকির ভুনা

উপকরণ

কাচকি শুঁটকি ২০০ গ্রাম, টমেটো ২টি, পেঁয়াজ ৩টি, রসুন ২টি, আদাবাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদের গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো আধা চামচ, লবণ আধা চা চামচ, পানি আধা কাপ, এলাচ ২টি, দারুচিনি ২টি, তেজপাতা ২টি, তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. প্রথমে শুঁটকি ভালোভাবে ভেজে পরিষ্কার করে ধুয়ে নিন।

২. ফ্রাইপ্যানে তেল দিয়ে গরম হয়ে এলে পেঁয়াজ বাদামি রং হলে তাতে টমেটো কুচি দিয়ে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

৩. এরপর রসুন ও বাকি উপকরণ এবং শুঁটকি দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে সামান্য পানি দিয়ে অল্প আঁচে কিছুক্ষন রেখে নামিয়ে নিন।

লেবুপাতায় শুঁটকি

উপকরণ

শোল মাছের শুঁটকি ৪০০ গ্রাম, আলু সিদ্ধ ২টি মাঝারি, পেঁয়াজ বড় ৩টি, রসুন বড় ২টি, কাঁচা মরিচ বড় ৫টি, তেল ১ কাপ, হলু আধা চামচ, মরিচের গুঁড়ো  আধা চামচ, আদা ১ চা চামচ, রসুন বাটা ১ চামচ, লবণ আধা টেবিল চামচ, টমেটো  টুকরো আধা কাপ, ধনেপাতা কুচি ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. প্রথমে শুঁটকি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিন।

২. এরপর কাটা বেছে কিউব করে কাটুন।

৩. ফ্রাইপ্যানে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ বাদামি রং না হওয়া পর্যন্ত ভাজুন।

৪. এরপর রসুন আলু সেদ্ধ পেস্ট, টমেটো লবণ হলুদ, মরিচের গুঁড়ো সব এক এক করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিন।

৫. কষানো হলে পরে শুঁটকি কিউব করে কাটা দিয়ে ভালোভাবে কষান। সামান্য পানি দিন ।

৬. নামানোর আগে লেবুপাতা ও কাঁচা মরিচ কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

লইট্যা গারলিক

উপকরণ

লইট্যা শুঁটকি ২০০ গ্রাম, আলু সেদ্ধ ১টি বড়, তেজপাতা ২টি, টমেটো ২টি, ধনেপাতা ১ টেবিল চামচ, দারুচিনি ২টি, হলুদের গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো আধা  চামচ, লবণ এক চিমটি, পানি ১ কাপ, তেল ১ কাপ, কাঁচা মরিচ ৪টি, রসুন বড় ৪টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. শুঁটকি পরিষ্কার করে ভালোভাবে কাঁটা বেছে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে নিন। এরপর সেদ্ধ করুন।

২. ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি করে ভেজে নিন। এরপর আদা, রসুন বাটা দিয়ে আলু সেদ্ধ টমেটো দিয়ে ভালোভাবে নাড়ুন।

৩. সেদ্ধ শুঁটকি দিয়ে কষান। এরপর বাকি উপকরণ দিয়ে সামান্য পানি দিয়ে আরো একটু কষান।

৪. নামানোর আগে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন গারলিক শুঁটকি।

নোনা ইলিশ শুঁটকির পাতুরি

উপকরণ 

নোনা ইলিশ শুঁটকি মাঝারি আকারের ৫ টুকরো, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি বড় আকারের ৩টি, হলুদের গুঁড়ো সিকি চা চামচ, মরিচের গুঁড়ো আধা টেবিল চা চামচ, পানি আধা কাপ,  লাউপাতা ৫টি, তেল ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. নোনা ইলিশ শুঁটকি প্রথমে পরিষ্কার করে টুকরো করে নিন। এরপর কাঁটা বেছে পরিষ্কার করে ধুয়ে রাখুন।

২. দুই টেবিল চামচ তেল কড়াইতে দিন।

৩. পেঁয়াজ কুচি দিয়ে ভেজে বাদামি রং হলে রসুন কুচি দিয়ে দিন ।  হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সামান্য পানি দিয়ে কষিয়ে ভালোভাবে নেড়ে নিন।

৪. কষানো হলে এর মধ্যে বেছে রাখা ইলিশ মাছ দিয়ে দিন।

৫. এরপর লাউপাতায় মুড়ে ফ্রাইপ্যানে শ্যালো ফ্রাই করুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার ইলিশ পাতুরি।