সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। দাবির বিষয়ে কলেজ তত্ত্বাবধায়কের সঙ্গে আলোচনায় সমাধান না হওয়ায় কর্মবিরতি কর্মসূচি চালু রাখার ঘোষণা দিয়েছেন তারা।
সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪৬ জন ইন্টার্ন চিকিৎসক জরুরি বিভাগসহ পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে গত বুধবার থেকে কর্মবিরতিতে থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সংকট নিরসনে আলোচনায় বসেন। কিন্তু আলোচনায় কোনো সমাধান হয়নি।
সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. হুমায়ুন কবির বলেন, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু হয়নি। এতে সাতক্ষীরাবাসী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জরুরি বিভাগে দায়িত্ব পালনের শিক্ষা ও অভিজ্ঞতা থেকে ইন্টার্ন চিকিৎসকরা বঞ্চিত হচ্ছেন। ডা. রফিকুল ইসলাম বলেন, জরুরি বিভাগ চালু করার জন্য মহাপরিচালক দ্রুত ছয়জন চিকিৎসককে সাতক্ষীরায় পাঠানোর কথা জানিয়েছেন। এ ছাড়া অন্য দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সাধারণ মানুষের কথা ভেবে ইন্টার্ন চিকিৎসকদের চিকিৎসাসেবা ও শিক্ষা কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।