সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী

নোট-গাইড বই বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে

নোট-গাইড বই বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘আমরা সব ধরনের নোট-গাইড বন্ধ করে দিতে চাই। অনেকে শিক্ষকদের মাধ্যমে নোট-গাইড বিক্রি করছেন। শিক্ষকরা শিক্ষার্থীদের গাইড বই কিনতে বাধ্য করছে। শিক্ষার্থীদের জন্য প্রণীত পাঠ্যপুস্তকে কোনো ধরনের নোট-গাইড পড়ার প্রয়োজন হয় না। অভিভাবকদের এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। বিষয়টি আমাদের ভাবনায় আছে। দ্রুত নোট-গাইড বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।’

গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।

এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নের বিষয়ে মন্ত্রী বলেন, ‘ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার সেসব খাতা শনাক্ত করে আলাদা করার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষভাবে তা মূল্যায়ন করা হবে। তবে এমন ভুল কেউ অমনোযোগী হয়ে করেছে, নাকি তা ভুলে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো শিক্ষকের অমনোযোগিতা ধরা পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

গাইড বই থেকে হুবহু প্রশ্ন করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষার জন্য প্রায় ৬ হাজার সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। তার মধ্য থেকে নির্বাচন করে ২ হাজার ৮৯০টি সেট প্রশ্নপত্র ছাপানো হয়। এ জন্য অনেক মডারেটর কাজ করেছেন। তাই কে ভুল করেছেন তৎক্ষণাত বিষয়টি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তবে এটাও ঠিক যে, গাইডের অনেক প্রশ্ন কমন পড়তে পারে, তবে তা হুবহু মিলতে পারে না, তাই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অপরাধ শনাক্ত করার পর সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হাসান, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুন্সি শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।