ষোলো রানে নেই ৩ উইকেট! এমন ব্যর্থতার মাঝেও দারুণভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণাঞ্চল। তিন অঙ্ক স্পর্শ করেছেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান। তাতে এনসিএলে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে রানের পাহার গড়েছে দক্ষিণাঞ্চল।
শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা ৬ উইকেটে ৪৪৩ রানে দিনের খেলা শেষ করেছে দক্ষিণাঞ্চল। আলো স্বল্পতার কারণে তিন ওভার কম খেলা হয়েছে এদিন।
ষোলো রানের মধ্যেই ওপেনার শাহরিয়ার নাফিস, ফজলে মাহমুদ ও শামসুর রহমানকে হারায় দক্ষিণাঞ্চল। এর মধ্যে আগের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন নাফিস ও শামসুর।
উইকেটের একপ্রান্ত আগলে রাখেন অপর ওপেনার এনামুল। কিন্তু তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি আল-আমিন (১৮)। পাঁচে নামা এই ব্যাটসম্যানের বিদায়ের পর থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় দল।
ষষ্ঠ উইকেট জুটিতে সোহানকে নিয়ে ১৯০ রানের জুটি গড়েন এনামুল। দলীয় ২৫১ রানে রান আউট হয়ে ফেরার আগে ১২৯ রান করেন এই ওপেনার। তার ১৫৫ বলের ইনিংসে রয়েছে ১৪ চার ও চার ছক্কা!
সেঞ্চুরি পূর্ণ করার পরও উইকেটে অবিচল সোহান। তার সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৭৫ রানের জুটি গড়েন মেহেদি হাসান। তুমুল প্রতিরোধ গড়া এই জুটিতে ফাটল ধরান পূর্বাঞ্চলের হাসান মাহমুদ। তার বলে বোল্ড হওয়ার আগে ওয়ানডে স্টাইলে ৮৫ বলে দশ চার ও আট ছক্কায় ১১২ রানের ইনিংস খেলেন মেহেদি।
১৫৫ রান নিয়ে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন সোহান। ২২০ বলে খেলা তার হার না মানা ইনিংসটিতে রয়েছে ঊনিশ চার ও তিন ছক্কার মার! ৯ রানে অপরাজিত আছেন ফরহাদ রেজা।
পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে ৭৯ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার রেজাউর রহমান।