কদিন আগে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ করেছে ভারত। এই সাফল্য নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ৩৪৭ রানের বিশাল স্কোর গড়ে বিরাট কোহলির দল। কিন্তু ওই রানেও হার বড় ধাক্কা হয়ে যায় ভারতের জন্য। তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে পড়ে সিরিজ হারের শঙ্কা জেগেছে ভারতের। তাই আজ দ্বিতীয় ওয়ানডেতে সমতায় ফিরতে মরিয়া কোহলির দল।
প্রথম ওয়ানডেতে নিজেদের বোলিং ও ফিল্ডিংয়ের দুর্বলতাও প্রকাশ পেয়েছে। সেগুলো ঠিক করতে মাঝের সময়ে বেশ পরিশ্রম করেছে ভারত। এদিকে এগিয়ে থাকা নিউজিল্যান্ড আরও পেস শক্তি নিয়ে নামবে আজ। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার পেসার কাইল জেমিসেনর অভিষেক হওয়ার আভাস দিয়েছে তারা।
সেডন পার্কে রান উর্বরা এক ম্যাচ কেটেছে। তাতে ওই মাঠের ইতিহাসে সর্বোচ্চ ওয়ানডে লক্ষ্য তাড়ার রেকর্ড গড়ে কিউইরা। দ্বিতীয় ম্যাচটিতেও যে রানের বন্যা বইবে তাতে কোনো সন্দেহ নেই। কারণ অকল্যান্ডের ইডেন পার্কের স্ট্রেইট বাউন্ডারি এমনিতেই ছোট। এই মাঠে রানও ওঠে প্রচুর। সাধারণত যে দল পরে ব্যাট করে তারাই সুবিধাটা বেশি পায়। টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে এই মাঠে পরে ব্যাট করে জিতেছে ভারত। এখানে তাই শেষ লড়াইয়ে জয়ের সুখস্মৃতি থাকছে কোহলিদের। এছাড়া সিরিজের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও জেতার অভ্যাস আছে তাদের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি সিরিজে প্রথম ম্যাচে হেরেছিল কোহলির দল। কিন্তু শেষে ২-১-এ সিরিজ জেতে তারাই। কোহলিরা নিউজিল্যান্ডেও সে রকম কিছু করতে চান।