‘বন্দুকযুদ্ধে’ ১৯ মামলার আসামি নিহত

দিনাজপুরের হাকিমপুরে গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কহিদুল ইসলাম তৌহিদুল (৪২) নামে একজন নিহত হয়েছেন।

পুলিশ বলছে, হিলির ধাওয়া নশিপুর গ্রামের প্রয়াত সালামত প্রধানের ছেলে কহিদুল আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই, অপহরণসহ ১৯টি মামলা রয়েছে। রাত ৪টার দিকে হাকিমপুরের

আলিহাটের কাশিয়াডাঙ্গা এলাকায় এ বন্দুকযুদ্ধের সময় ডাকাতদের দেশীয় অস্ত্রের আঘাতে এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক আহত হন। তারা দিনাজপুর পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন।

হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম জানান, কাশিয়াডাঙ্গা গ্রামে ডাকাতির জন্য ডাকাত দলের কয়েকজন সমাবেত হয়েছে এমন গোপন খবরের ভিত্তিতে রাত ৩টার দিকে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়। এরপর তিনি নিজে ও থানার ওসিসহ পুলিশের একটি বিশেষ টিম সেখানে যায়। ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। পুলিশও আত্মরক্ষার্থে শটগানের তিন রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে আশপাশের লোকজন চলে এলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখানে তল্লাশি চালিয়ে একটি দেশি পাইপগান, দুটি গুলির খোসা, এক রাউন্ড তাজা গুলি, দুটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়। স্থানীয়রা মৃত ব্যক্তি ডাকাত সর্দার কহিদুল ইসলাম বলে জানান।