সরকারিভাবে বিদেশ যেতে ৬১ জেলায় নিবন্ধন শুরু কাল

সরকারিভাবে বিদেশ যেতে আগ্রহী দক্ষ, স্বল্পদক্ষ, অদক্ষ ও পেশাজীবী নারী-পুরুষের নিবন্ধন শুরু হচ্ছে আগামীকাল রবিবার। জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরো (বিএমইটি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, কোনোরকম দালাল বা মধ্যস্বত্বভোগী ছাড়াই বিদেশ যেতে আগ্রহীদের জন্য দেশের ৬১ জেলায় এ নিবন্ধন চালু হচ্ছে। বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে (বিকাশ/নগদ/শিওরক্যাশ/রকেট) ২০০

টাকা পাঠিয়ে নিবন্ধন করতে পারবেন।

বিএমইটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি উপজেলা থেকে বছরে এক হাজার কর্মী বিদেশ পাঠানোর কথা রয়েছে। সে অনুযায়ী সরকারিভাবে বিদেশে কর্মী পাঠাতে গত বছর ১ আগস্ট ঢাকা জেলায় নিবন্ধন শুরু হয়। পরে ২৭ অক্টোবর শুরু হয় নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নিবন্ধন। ৯ ফেব্রুয়ারি থেকে দেশের বাকি ৬১ জেলার নিবন্ধন শুরু হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বিএমইটির কেন্দ্রীয় ডেটাব্যাংকে এ নিবন্ধন কর্মসূচি জমা হবে।

নিবন্ধনকারীর যোগ্যতা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের ওপরে হতে হবে। তবে মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মী হিসেবে যেতে ইচ্ছুকের বয়স ২৫-৪৫ বছরের মধ্যে হতে হবে। নিবন্ধনকারীর অন্তত ছয় মাসের বৈধ পাসপোর্ট ও নিজস্ব মোবাইল ফোন থাকতে হবে। নিবন্ধনের আপডেট তথ্য তাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে কর্র্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। নিবন্ধনের সময় সব যোগ্যতা বা অভিজ্ঞতা সনদ ডেটাব্যাংকে সংযোজন করতে হবে। তবে ডেটাব্যাংকে নিবন্ধন কোনোভাবেই নিবন্ধনকারীর বিদেশ যাওয়া নিশ্চিত করবে না। এ নিবন্ধনের মেয়াদ হবে দুই বছর। তাই এ সময়ের মধ্যে কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা অর্জিত হলে তা ডেটাব্যাংকে সংযোজনের সুযোগ রয়েছে। নিবন্ধনকারীর যোগ্যতার ভিত্তিতে সরকার কাজের ব্যবস্থা করবে।