দক্ষিণ এগিয়ে, লড়াই সিলেটে

প্রথম দিনই ৬ উইকেটে ৪৪৩ রান তুলে বিশাল স্কোরের ইঙ্গিত দিয়েছিল দক্ষিণাঞ্চল। কিন্তু দ্বিতীয় দিন আর মাত্র ৩৯ রান তুলতেই অল আউট হয় তারা। জবাবে কক্সবাজারে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২৭০ রান করেছে পূর্বাঞ্চল। পিছিয়ে আছে ১৭৩ রানে।

এ ম্যাচে একপেশে লড়াই হলেও সিলেটে দু’দলের লড়াই জমেছে। মধ্যাঞ্চলের ১৭০ রানের বিপরীতে উত্তরাঞ্চল তাদের প্রথম ইনিংসে করেছে ১৬৬ রানে। মাত্র ৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৫ উইকেটে ১৮৭ রানে দ্বিতীয় দিন শেষ করেছে মধ্যাঞ্চল। সুবাদে ১৯১ রানে এগিয়ে তারা, হাতে এখনো ৫ উইকেট।

কক্সবাজারে তিন সেঞ্চুরিতে এক দিনেই ৪৪৩ রান তুলে ফেলে দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানরা। দিন শেষে ১৫৫ রানে অপরাজিত ছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু দ্বিতীয় দিন কোনো রান করার আগেই ফিরতে হয় সোহানকে। তাই দলের স্কোরও বেশি এগোয়নি। তবুও প্রায় পাঁচশো (৪৮২) রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে নামে পূর্বাঞ্চল। পিনাক ঘোষ ও মোহাম্মদ আশরাফুলের ব্যাটে দারুণ জবাব দেয় তারা। প্রথম উইকেটেই ১৪৬ রান। আশরাফুল ৭১ ও পিনাক ঘোষ ৮০ রানে ফিরলে ইনিংস টেনে নেওয়ার মতো কেউ ছিলেন না যেন। ইয়াসির আলী ৪৪ ও ইমরুল কায়েস ২৮ রান করেন। উইকেটে অপরাজিত আছেন নাসির হোসেন ১২ ও জাকির হাসান ১৩ রানে।

সিলেটে আগের দিন ৩ উইকেটে ৮৯ রান করা উত্তরাঞ্চলের অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিমের দিকে নজর ছিল সবার। কিন্তু একদমই হতাশ করেন মুশি। ১ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামা মুশফিক আর ১ যোগ করে (২) ফিরে যান। মুশফিকের ব্যর্থতার মতো দলটির বেশিরভাগ ব্যাটসম্যানই ব্যর্থ হয়েছেন। নিচের দিকে আরিফুল হক ৫০ রানের ইনিংস মধ্যাঞ্চলকে বড় লিড পেতে দেয়নি। ইনিংসে ২৩ ওভার বল করে ৬৮ রানে ৪ উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

দ্বিতীয় ইনিংসে নেমে মধ্যাঞ্চলও ধাক্কা খায় দুই ওপেনারকে হারিয়ে। কিন্তু আবদুল মাজিদ ও তাইবুর রহমান বিপদ বাড়তে দেননি। মাজিদ ১০৭ বলে ৬৯ ও তাইবুর ৯১ বলে ৪৭ রান করে আউট হন। দিনের শেষ ওভারে সেট ব্যাটসম্যান মাজিদকে হারিয়ে ক্ষতিতে পড়ে মধ্যাঞ্চল। দিন শেষে অপরাজিত ছিলেন ২৮ রান করা শুভাগত হোম ও জাকের আলী (০)।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল

দক্ষিণাঞ্চল : ৪৮২/১০ (সোহান ১৫৫; রেজাউর ৩/৯৬, সাকলাইন সজীব ৩/১২৬)। পূর্বাঞ্চল : ২৭০/৫ (পিনাক ৮০, আশরাফুল ৭১, ইয়াসির ৪৪, নাসির ১২*, জাকির ১৩*; রাজ্জাক ২/১০২, মেহেদী ২/৯৮)।

মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল

মধ্যাঞ্চল : ১৭০ ও ১৮৭/৫ (মাজিদ ৬৯, তাইবুর ৪৭, শুভাগত ২৮*; তাসকিন ২/৪৬)। উত্তরাঞ্চল : ১৬৬ (আরিফুল ৫০, সিদ্দিকী ৪৭; মোস্তাফিজুর ৪/৬৮)।

 

স্কয়ার গলফ টুর্নামেন্ট

স্কয়ার গ্রুপের ‘১৯তম স্কয়ার গলফ টুর্নামেন্ট’ কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।