গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান পলাশ (২৪) ঢাকার উত্তরা ইউনিভার্সিটির বিবিএর চূড়ান্ত বর্ষের ছাত্র ও গাজীপুরের শ্রীপুর উপজেলার গলদাপাড়া এলাকার আবদুস সাত্তারের ছেলে।
স্থানীয় নাওজোর হাইওয়ে থানার এসআই চাঁন মিয়া দেশ রূপান্তরকে জানান, শনিবার দুপুরে গ্রামের বাড়ি শ্রীপুর থেকে মোটরসাইকেলযোগে উত্তরায় ফেরার পথে হোতাপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেল থেকে গত শনিবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক, নীলফামারীতে পিকআপের ধাক্কায় এক ব্যক্তি, ঝিনাইদহে আলমসাধুর ধাক্কায় এক শিশু, ঢাকার নবাবগঞ্জে মাহেন্দ্রা চাপায় এক শিশু, লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় এক যুবক ও সীতাকুণ্ডে প্রাইভেট কারের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
এছাড়া গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী বাস উল্টে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু : ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী নায়েবের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাফি (৩০) ময়মনসিংহ শহরের শাহজাহান মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে কাঠালী নায়েবের বাজার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে গুরুতর আহত হন কাফি। পরে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকরা মৃত ঘোষণা করেন।
স্থানীয় ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শাহজালাল জানান, আহত আবুবক্কর ছিদ্দিককে (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নীলফামারীতে পিকআপের ধাক্কায় নিহত ১ : নীলফামারীর ডোমারে পিকআপের ধাক্কায় লুৎফর রহমান (৫৫) নামে এক বিয়ের ঘটক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার চিলাহাটি-বটতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। লুৎফুর রহমান চিলাহাটি মাস্টারপাড়া এলাকার শুকুরু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, একটি বিয়ের আলোচনা শেষে চিলাহাটি বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ঘটক লুৎফর। পথে চিলাহাটি-বটতলা মোড়ে একটি সবজি বোঝাই পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশটি নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালকসহ পিকআপটি থানায় আটক রয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
ঝিনাইদহ আলমসাধুর ধাক্কায় শিশু নিহত : ঝিনাইদহে আলমসাধুর ধাক্কায় আছিয়া খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর নতুন বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আছিয়া উপজেলার খাজুরা গ্রামের আছির উদ্দিনের মেয়ে।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, হাটগোপালপুর থেকে ইটবোঝাই একটি আলমসাধু ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। এ সময় নতুন বাড়ি এলাকায় পৌঁছালে শিশুটিকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে গাড়িটি। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় আছিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জে মাহেন্দ্রাচাপায় শিশুর মৃত্যু : ঢাকার নবাবগঞ্জে মাটিবাহী মাহেন্দ্রার চাপায় সিনহাত (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ মেলেং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিনহাত একই এলাকার জুলহাস উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকেল ৩টার দিকে একই গ্রামে চাচার বাড়িতে যাচ্ছিল শিশুটি। এ সময় মাটিবাহী একটি মাহেন্দ্রা তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার এসআই মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনায় দায়ী মাহেন্দ্রাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত : লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় আবদুর রহিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রহিমের ছোট ভাই মনির হোসেন আহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ছোট ভাই মনিরকে নিয়ে মোটরসাইকেলযোগে মান্দারী বাজারের দিকে যাচ্ছিলেন আবদুর রহিম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে বড় ভাই আবদুর রহিম মারা যান।
সীতাকু-ে প্রাইভেটকারের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত : চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট কারের ধাক্কায় মো. শফি (৭৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে শীতলপুরের বগুলা বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শফি একই এলাকার প্রয়াত মো. মাজেদ মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি কর্নেল শফি নামে পরিচিত ছিলেন।
স্থানীয়রা জানান, বগুলা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মো. শফি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।