পাবনা শিল্পকলা একাডেমি ভবন

ধীরগতিতে চলছে নির্মাণকাজ

ধীরগতিতে চলছে পাবনা জেলা শিল্পকলা একাডেমির ভবনের নির্মাণকাজ। এরই মধ্যে দুদফা বাড়ানো হয়েছে মেয়াদও। সম্প্রতি পরিদর্শনে গিয়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোস্তফা কামাল। 

সংশ্লিষ্টরা জানান, ২০১৭ সালের মে মাসে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে জেলা শহরের কাছারিপাড়া মহল্লায় চারতলা ভবনটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্প মেয়াদ ধরা হয় ২০১৮ সালের জুন পর্যন্ত। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় বাড়ানো হয় এক বছর। এ সময়ও শেষ করতে না পারায় দ্বিতীয় দফায় আরও এক বছর (২০২০ সালের জুন) বাড়ানো হয়। নির্মাণকাজের দায়িত্ব পায় সাজিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। এর মালিক শাহাদত হোসেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘বালিশ কেলেঙ্কারি’র ঘটনায় দুদকের জেলে আছেন।

এদিকে গত মঙ্গলবার নির্মাণাধীন শিল্পকলা একাডেমি পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করে সচিব আবু হেনা বলেন, ‘ইচ্ছা ছিল নতুন শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাঁকজমকপূর্ণভাবে মুজিববর্ষ উদযাপন করা হবে। কিন্তু ‘নির্মাণকাজের ধীরগতি সে ইচ্ছায় ব্যাঘাত তৈরি করেছে। এটি মেনে নেওয়ার মতো নয়।’

শিল্পকলা একাডেমি কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলায় শিল্পকলা একাডেমির নিজস্ব কোনো কার্যালয় নেই। জেলা পরিষদের কাছ থেকে মাসে আট হাজার টাকা ভাড়ায় তিনটি কক্ষ নিয়ে একাডেমির কার্যক্রম চলছে।

গণপূর্ত বিভাগের জেলা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রবিউল ইসলাম খান বলেন, ‘প্রায় ৮০ শতাংশ কাজ শেষ। বাকি কাজ শেষ করতে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে।’